একবার টিকিট কাটলেই পুরো দিনের মধ্যে যাওয়া-আসা, দু’টোই সেরে ফেলা যাবে একই টিকিটে। শনিবার মেট্রোর পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 25 January 2026 00:22
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য বড় সুখবর (Kolkata Metro return ticket)। আবার ফিরছে বহু প্রতীক্ষিত রিটার্ন টিকিটের সুবিধা, তাও আবার কিউআর কোডযুক্ত স্মার্ট টিকিটে (QR Code smart ticket)। ফলে যাত্রীদের আর ফেরার পথে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। একবার টিকিট কাটলেই পুরো দিনের মধ্যে যাওয়া-আসা, দু’টোই সেরে ফেলা যাবে একই টিকিটে। শনিবার মেট্রোর পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আগে কাগজের টিকিটের যুগে রিটার্ন টিকিট (Return Ticket in Kolkata Metro) মিলত ঠিকই, তবে টোকেন ব্যবস্থা চালু হওয়ার পর সেই সুবিধা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কিউআর কোড টিকিট চালু হলেও রিটার্ন টিকিট কাটার সুবিধা যোগ হয়নি। অবশেষে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে আবার ফিরছে সেই পরিষেবা। তবে এবার আরও আধুনিক প্রযুক্তির মাধ্যমে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে কলকাতা মেট্রোর (Kolkata Metro Service) সব লাইনেই। ব্লু, ইয়েলো, গ্রিন এবং অরেঞ্জ- কিউআর ভিত্তিক রিটার্ন টিকিট চালু করা হচ্ছে। যাত্রীরা কোনও স্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটলেই হবে। টিকিটটি নিজের কাছে যতক্ষণ রাখবেন, ততক্ষণই ফেরার পথে সরাসরি গেট স্ক্যান করে প্রবেশ করা যাবে। এই টিকিটের মেয়াদ (Metro return ticket validation) পুরো দিনের জন্য, তাই সময়সীমা নিয়ে কোনও বাধা নেই। সকালে গিয়ে রাতে ফেরাও সম্ভব একই টিকিটে।
নিত্যযাত্রীদের মতে, মেট্রো পরিষেবায় (Kolkata Metro Service) এমন সুবিধা যাতায়াত আরও সহজ করবে। অফিস সময় বা ব্যস্ত যাত্রাপথে কাউন্টারে লাইনে দাঁড়ানোর ঝামেলা কমবে। বিশেষ করে পিক আওয়ারে যে ভিড় দেখা যায়, তা কিছুটা হলেও কমবে।
যদিও সাম্প্রতিক সময়ে ব্লু লাইনে (Kolkata Metro Blue Line) অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত রুটে বিভিন্ন সমস্যায় পরিষেবা ব্যাহত হচ্ছে। কখনও সিগন্যাল ত্রুটি, কখনও রেক সমস্যা, কখনও বা আত্মহত্যার চেষ্টার কারণে ট্রেন থমকে যাওয়া এইসব মিলিয়ে যাত্রীদের অসুবিধা বেড়েছে। সমস্যার স্থায়ী সমাধানে মেট্রো রেল উদ্যোগী হলেও, যাত্রীসুবিধার কথা মাথায় রেখে একের পর এক নতুন প্রকল্পও চালু হচ্ছে। রিটার্ন টিকিট সেই উদ্যোগেরই অংশ।
মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, নতুন রিটার্ন টিকিট পরিষেবা যাত্রীদের সময় বাঁচাবে, ভিড় নিয়ন্ত্রণেও সাহায্য করবে এবং সামগ্রিকভাবে মেট্রো যাত্রাকে আরও নির্বিঘ্ন করে তুলবে।