বিধাননগর বাসীদের নানা কল্যাণ মূলক সামাজিক কাজকে সামনে রেখে নব গঠিত সংস্থা 'আমার বিধাননগর' যাত্রা শুরু করেছে মাত্র তিন মাস।

শহরতলির আবাসনগুলির পুজোও এখন দর্শনার্থীদের আকর্ষণ করছে।
শেষ আপডেট: 25 September 2025 23:58
দ্য ওয়াল ব্যুরো: শুধু কলকাতা (Kolkata Durga Puja) নয়, শহরতলির আবাসনগুলির পুজোও (DURGAPUJA 2025) এখন দর্শনার্থীদের আকর্ষণ করছে। সেগুলিতেও মহালয়ার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে ঠাকুর দেখার ভিড়।
সল্টলেকের (Saltlake DUrga Puja) বড় আবাসনগুলির অন্যতম ইই ব্লকের পুজো। এই পুজো এবার আঠাশ বছরে পদার্পণ করল। বিগত বছরের মতো এবারও সেখানে পুজোর আয়োজনে বৈচিত্র রয়েছে।কেএমডিএ এবং অন্যান্য নানান বিভাগের সরকারি কর্মীরা মূলত এখানকার বাসিন্দা। চতুর্থীর দিন উদ্বোধন অনুষ্ঠানে থাকছেন মন্ত্রী সুজিত বসু এবং বিশিষ্ট কথাসাহিত্যিক প্রচেত গুপ্ত।
বিধাননগর বাসীদের নানা কল্যাণ মূলক সামাজিক কাজকে সামনে রেখে নব গঠিত সংস্থা 'আমার বিধাননগর' যাত্রা শুরু করেছে মাত্র তিন মাস। অবসরপ্রাপ্ত আইএএস দেবাশিস সেন এই সংস্থার সভাপতি। মূলতঃ পঞ্চাশোর্ধ প্রবীণ মানুষ এখানে সদস্য পদ নিচ্ছেন। ইতিমধ্যে নানা সাংস্কৃতিক ও কল্যাণ মূলক কাজে তাঁরা দৃষ্টান্ত স্থাপন করেছেন। 'আমার বিধাননগর' প্রবীণ সদস্যদের নিয়ে বাতানুকুল বাসে সল্টলেক ও কলকাতার কিছু উল্লেখযোগ্য পুজো পরিক্রমায় বেরোচ্ছে চতুর্থীতে। তাঁরাও যাবেন বেশ কিছু আবাসনের পুজো দেখতে।
উত্তর শহরতলির নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের সামনে রয়েছে উইন্ডমিয়ার কমপ্লেক্স। পাঁচশোর বেশি পরিবারের বাস এই আবাসনে। সেখানকার পুজোর এবার তৃতীয় বর্ষ। আয়োজন দেখে বোঝার উপায় নেই এই পুজো বয়সে এত নবীন। প্রতিমা ও মণ্ডপে সাবেকিয়ানার ছোঁয়া। পুজো দিনগুলি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পংক্তি ভোজের আয়োজন করা হয়েছে মণ্ডপে।
দক্ষিণ শহরতলির নরেন্দ্রপুরে রয়েছে সুগম পার্ক। এই পুজোর এবার ২১ বছর। বাংলার লোকশিল্পের নানা দিক নিয়ে সাজানো হয়েছে মণ্ডপ।
সল্টলেক সিটি বিএ ব্লক রেসিডেন্টস এসোসিয়েশান এর দুর্গাপূজা এবার ৪৬ বছরে পদার্পণ করল।বরাবরের মত একাদশী থেকে ত্রয়োদশী সকলের অংশগ্রহণে মঞ্চস্থ হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুমাস ধরে চলেছে মহড়া।
নিউটাউন এর স্বপ্নভোর সিনিয়রস পার্ক ও স্নেহদিয়া আবাসনের প্রবীণ সদস্যরা স্নেহদিয়া একটিভিটি সেন্টারে এবারও অন্যান্য বছরের মত আয়োজন করছেন ঘরোয়া পরিবেশে শারদীয় উৎসবের। সেখানে নবমীর দিন রয়েছে দ্বিপ্রাহরিক ভোজনের ব্যবস্থা।