
ফাইল ছবি
শেষ আপডেট: 26 March 2025 13:24
দ্য ওয়াল ব্যুরো: অস্থায়ী উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) পড়ুয়াদের একাংশ। সেই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় সোমবার। পরে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দেয়, উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া যাবে না। দরকারে পুলিশ তাঁকে সাহায্য করবে। তবে এই নির্দেশের পরই শান্ত হয়নি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস। বুধবারও সেখানে বিক্ষোভ চলছে।
গত দুদিন ধরে ক্যাম্পাসে তুমুল উত্তেজনা চলছে। উপাচার্যের ঘরের বাইরেও প্রতিবাদ দেখান পড়ুয়াদের একাংশ। এমনকী তাঁর ঘরের দরজায় তালাও মেরে দেওয়া হয়। পড়ুয়াদের অভিযোগ, অস্থায়ী উপাচার্যের তুঘলকি আচরণের জেরে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। ক্ষুণ্ণ হচ্ছে মর্যাদা। তাই অবিলম্বে তাঁকে সরিয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত এমন কোনও সিদ্ধান্ত না হওয়ায় প্রতিবাদের আঁচ আরও বাড়াচ্ছেন পড়ুয়ারা।
অস্থায়ী উপাচার্যর বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি নিজের মতো করে কাজ করে চলেছেন। কারও কথা শুনছেন না, কাউকে নিজের মতো কাজও করতে দিচ্ছেন না। এদিকে পড়ুয়াদের সঙ্গে তো বটেই, অধ্যাপক-অধ্যাপিকা থেকে অশিক্ষক কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করছেন। তাই বুধবার দেখা যায়, পড়ুয়াদের সঙ্গে ক্যাম্পাসে বিক্ষোভ দেখাচ্ছেন অনেক অশিক্ষক কর্মীরাও।
এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখছেন তাঁরা। এদিকে ক্যাম্পাসের গেটের সামনে সমানে চলছে স্লোগানিং। বিক্ষোভকারীরা চাইছেন অস্থায়ী উপাচার্যের পদত্যাগ।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওই মামলায় আদালতের স্পষ্ট নির্দেশ, অন্তর্বর্তীকালীন উপাচার্য এবং রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিতে হবে। প্রয়োজনে পুলিশি এসকর্ট করে হলেও তাঁদের ক্যাম্পাসে প্রবেশ করাতে হবে। এ বিষয়ে সিঁথি থানা ও গিরীশ পার্ক থানাকে যথাযথ পদক্ষেপের নির্দেশও দেন বিচারপতি।