জেল সূত্রের খবর, মৃতের নাম সন্দীপ দাস। বয়স ২৯। ঝাড়খণ্ডের বাসিন্দা এই যুবককে বছর খানেক আগে গ্রেফতার করেছিল পুলিশ।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 19 November 2025 17:24
দ্য ওয়াল ব্যুরো: প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Jail) এক বন্দির মৃত্যুকে ঘিরে ফের প্রশ্নের ঘূর্ণাবর্ত। বুধবার সকালে জেল চত্বরের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল এক বিচারাধীন বন্দির দেহ (Prisoner's mysterious death)। আত্মহত্যা, না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ—উত্তর খুঁজছে পুলিশ।
জেল সূত্রের খবর, মৃতের নাম সন্দীপ দাস। বয়স ২৯। ঝাড়খণ্ডের বাসিন্দা এই যুবককে বছর খানেক আগে গ্রেফতার করেছিল পুলিশ। ডাকাতি এবং অস্ত্র আইনে মামলা চলছিল তাঁর বিরুদ্ধে। আদালতের নির্দেশে পুলিশ হেফাজত থেকে তাকে পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে।
বুধবার সকাল থেকেই সন্দীপকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেলে নেই, কোথাও দেখা যাচ্ছে না। শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত সকাল ১১টা নাগাদ অন্য বন্দিরাই প্রথম দেখতে পান—জেল চত্বরে একটি গাছের ডালে ঝুলছে সন্দীপের নিথর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিরাপত্তারক্ষীদের। পরে জেল কর্তৃপক্ষ হেস্টিংস থানায় যোগাযোগ করেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠায় এসএসকেএম হাসপাতালে।
জেল সূত্রে আরও জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন সন্দীপ। তবে কেন অবসাদ—তা স্পষ্ট নয়। অনেকের মতে, সেই হতাশা থেকেই আত্মঘাতী হতে পারেন তিনি। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। জেলের মতো উচ্চনিরাপত্তা পরিসরের ভেতরে এ ভাবে মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসায় নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল।