বিষয়টি ইতিমধ্যেই প্রেসিডেন্সির অ্যাডমিশন কমিটির বৈঠকে আলোচনায় উঠেছে। শিক্ষক প্রতিনিধিদের দাবি, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সময়নিষ্ঠতা বজায় রাখতে হলে অবিলম্বে বিকল্প ব্যবস্থা নেওয়া জরুরি।

ফাইল ছবি
শেষ আপডেট: 11 August 2025 17:25
দ্য ওয়াল ব্যুরো: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) ভর্তি প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি বছরের প্রবেশিকার ফলাফল এখনও প্রকাশিত হয়নি, ফলে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। বর্তমানে প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (জেইই বোর্ড) (WBJEE)। তবে বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্বাধীনভাবে ভর্তি প্রক্রিয়া পরিচালনার দাবিতে সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কয়েকজন শিক্ষক সম্প্রতি কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। তাঁদের অভিযোগ, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাতে ভর্তি পরীক্ষার দায়িত্ব থাকায় প্রেসিডেন্সি বারবার প্রশাসনিক জটিলতায় পড়ছে। চলতি বছরও ফল প্রকাশে দেরি হওয়ায় ভর্তি কার্যক্রম শুরু করা অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষকদের দাবি, বোর্ডের উপর নির্ভর না করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরীক্ষা ও ফলপ্রকাশের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।
জানা গেছে, বিষয়টি ইতিমধ্যেই প্রেসিডেন্সির অ্যাডমিশন কমিটির বৈঠকে আলোচনায় উঠেছে। শিক্ষক প্রতিনিধিদের দাবি, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সময়নিষ্ঠতা বজায় রাখতে হলে অবিলম্বে বিকল্প ব্যবস্থা নেওয়া জরুরি। সূত্রের খবর, অ্যাডমিশন কমিটি প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।
অন্যদিকে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে, ফলপ্রকাশে বিলম্ব মূলত ওবিসি সংক্রান্ত একটি মামলা (OBC Case) চলতে থাকায়। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ সম্ভব নয় বলে বোর্ডের দাবি।
সম্প্রতি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিয়েছিল, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নতুন করে প্যানেল তৈরি করতে হবে। ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায় (OBC) নিয়ে হবে নতুন প্যানেল।ওবিসি-র জন্য ৭ শতাংশ সংরক্ষণ থাকবে। আর ১৫ দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে। এই নির্দেশ মেনে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদমর্যাদার আধিকারিককে দিয়ে। আর আদালতের এই রায় রাজ্যের মুখ্যসচিবকে অবগত করতে হবে।
এই পরিস্থিতিতে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে উদ্বেগ বাড়ছে। দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত সমাধান বের হবে কি না, তা নিয়েই এখন নজর রাজ্যের উচ্চশিক্ষা মহলে।