এই বিশেষ দিনে কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ছ’জন পুলিশকর্তাকে সম্মানিত করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 15 August 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে রেড রোড যেন উৎসবের মঞ্চ। সকাল থেকেই চারিদিকে দেশাত্মবোধের সুর, পতাকার রঙে মোড়া পরিবেশ। শুক্রবার সকালে প্রতিবারের মতো এবারও এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুচকাওয়াজ শুরুর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এরপর গ্রহণ করেন গার্ড অফ অনার।
এই বিশেষ দিনে কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ছ’জন পুলিশকর্তাকে সম্মানিত করেন তিনি। ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ পেলেন আইজি (মালদহ রেঞ্জ) দীপ নারায়ণ গোস্বামী, গৌরব শর্মা, মিরাজ খালিদ এবং দেবস্মিতা দাস। আর ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’ পেয়েছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা ও বাঁকুড়ার এসআই ঈশ্বর সোরেন। তাঁদের হাতে পদক তুলে দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সুরক্ষা ও শান্তি বজায় রাখতে পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
এরপর রেড রোডে শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। রাজ্যের বিভিন্ন দফতরের মনোমুগ্ধকর ট্যাবলো নজর কাড়ে উপস্থিত দর্শকদের। পর্যটন দফতরের সাজানো গাড়ি এগিয়ে গেলে দর্শকাসনে হাততালির ধ্বনি ওঠে। একের পর এক দফতরের সৃজনশীল প্রদর্শনী রেড রোডজুড়ে তৈরি করে উৎসবের মেজাজ।
শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে স্বাধীনতা দিবসের আমেজ ছড়িয়ে পড়েছে। রেড রোডে দাঁড়িয়ে কেউ ছবি তুললেন, কেউ বা ভিডিও করে রাখলেন এই বিশেষ মুহূর্তের। কখনও আগমনীর গান, কখনও গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ ও কখনও স্বাধীনতার গানে ভাসল গোটা এলাকা।