আন্দোলনের শুরুতেই কলেজ স্কোয়ার এলাকায় জমায়েত হন বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও সংগঠনের সদস্যরা। তাঁরা ওবিসি নীতি পুনর্বহাল, শিক্ষায় বৈষম্য দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি তোলেন। এরপর মিছিল বিধানসভার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।

OBC reinstatement
শেষ আপডেট: 19 November 2025 18:42
দ্য ওয়াল ব্যুরোঃ ওবিসি সংরক্ষণ ঠিকভাবে প্রয়োগ না হওয়া এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য বাড়ার প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে আন্দোলনে নামে আদর্শিক ছাত্র সংগঠন এসআইও। সংগঠনের পক্ষ থেকে এদিন কলেজ স্কোয়ার থেকে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়। দাবি না মানলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
আন্দোলনের শুরুতেই কলেজ স্কোয়ার এলাকায় জমায়েত হন বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও সংগঠনের সদস্যরা। তাঁরা ওবিসি নীতি পুনর্বহাল, শিক্ষায় বৈষম্য দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি তোলেন। এরপর মিছিল বিধানসভার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা ধর্মতলায় পথ অবরোধ করে বসে পড়েন। ফলে ব্যস্ত এলাকায় কিছুক্ষণ যানজট তৈরি হয়। পুলিশের অনুরোধে পরে অবরোধ তোলেন তাঁরা, তবে দাবি পূরণের জন্য সরকারের কাছে লিখিতভাবে আবেদন জানাবেন বলেও জানান।
এসআইও-র অভিযোগ, ওবিসি সংরক্ষণ নীতি প্রয়োগে বড় ধরনের অসঙ্গতি রয়েছে, যার ফলে বহু ছাত্রছাত্রী সুযোগ-সুবিধা হারাচ্ছেন। তাঁরা বলেন, সংরক্ষণ শুধু নিয়ম নয় - এটি পিছিয়ে থাকা মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা।
সংগঠনের বক্তব্য, সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না হলে আন্দোলন এরপর আরও জোরদার হবে।