রাজ্য সরকারের এই পদক্ষেপে শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে ছোট ছোট আবাসনের সম্ভাবনা আরও উজ্জ্বল বলে মনে করছেন পুরসভার একাংশ আধিকারিক।

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস।
শেষ আপডেট: 12 August 2025 03:05
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বহু প্রতীক্ষিত সিদ্ধান্ত। এবার কলকাতা পুরসভা (Kolkata Municipality) এলাকায় আধকাঠা বা তারও কম জমিতে বাড়ি তৈরি করার ছাড় দিল রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সংশোধন করা হল বিল্ডিং রুলস (New buildings Rules)। নতুন নিয়মে ৫০০ স্কোয়ার ফিট জায়গাতেও বাড়ি তৈরির অনুমতি মিলবে (Allow construction)।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “এত দিন পর্যন্ত ছোট জমিতে বাড়ি করার পরিকল্পনা অনুমোদন দিতে পারছিল না পুরসভা। নিয়মে হাত বাঁধা ছিল। সেই বাধা এবার কাটল। আধকাঠা বা তার চেয়েও ছোট জায়গাতেও আমরা প্ল্যান স্যাংশন দিতে পারব।”
তবে একাধিক শর্তও থাকছে। ফিরহাদ হাকিম জানান, বাড়ির একাংশ যেন পাশের বাড়ির গায়ে না লাগে, সেই দিকে নজর দেবে পুরসভা। যদিও ছাড়ের পরিমাণ কিছুটা কম হবে সাধারণ নিয়মের তুলনায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে। মিউটেশন, কনভার্সন-সহ সমস্ত আইনি কাজ নিয়ম মেনেই করতে হবে। আর সেই সবপত্র ঠিকঠাক থাকলে ১৫ দিনের মধ্যেই মিলবে নির্মাণের ছাড়পত্র। তবে বড় বাড়ির ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকবে।
পুরসভার এই সিদ্ধান্তে খুশি বহু ছোট জমির মালিক। বিশেষত যাঁরা দীর্ঘদিন ধরে পুরসভার ছাড়পত্রের অভাবে বাড়ি তৈরির কাজ শুরু করতে পারছিলেন না। রাজ্য সরকারের এই পদক্ষেপে শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে ছোট ছোট আবাসনের সম্ভাবনা আরও উজ্জ্বল বলে মনে করছেন পুরসভার একাংশ আধিকারিক।
এছাড়া এদিন মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, বিভিন্ন দফতর মিলিয়ে প্রায় ৬৫০টি শূন্যপদে লোক নেওয়া হবে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। সূত্রের খবর,, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষা দফতর।