দ্য ওয়াল ব্যুরো: প্রায় সাড়ে তিন মাস পর করোনায় এক জনেরও মৃত্যু হল না কলকাতায়। বহুদিন পর শহরের কোভিড গ্রাফে লাল দাগ নেই মৃতের তালিকায়। বহুদিন পর কলকাতা কোভিডে মৃত্যুহীন।
শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে কোভিডে মৃত্যু হয়েছে মোট ৮ জনের। তার মধ্যে হুগলি থেকে রয়েছে ৩ জনের নাম, যা সর্বোচ্চ। এছাড়া উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, নদিয়া থেকে কোভিডে মৃত্যুর খবর মিলেছে।
এদিন নতুন করে এ রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৯৯ জন। একদিনে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪২ জন কোভিড রোগী। মাস কয়েক আগেও ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের যে ভয়াল রূপ দেখছিল বাংলা, তা এখন অনেকটাই স্তিমিত। সুস্থতার হার ৯৭.৯৪ শতাংশ, মৃত্যুর হার নেমে এসেছে মাত্র ১.১৯ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন মোট ৩ লক্ষ ৪ হাজার ৫৩০ জন মানুষ। এদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১ লক্ষ ১০ হাজার ৩১৯ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ২১১ জন।
জেলাভিত্তিক সংক্রমণের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, সংক্রমণের শীর্ষে রয়েছে দার্জিলিং। পাহাড়ের এই ছোট জেলায় একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ জন। এছাড়া উত্তর ২৪ পরগনা, কলকাতা জলপাইগুড়ি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সংক্রমণ রয়েছে ৫০-এর উপরে। দার্জিলিংয়ের কোভিড গ্রাফ চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য আধিকারিকদের। যদিও এই জেলাও গত ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য।