শুভেন্দু জানান, জাতীয় পতাকার অবমাননার জন্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন। দরকারে সুপ্রিম কোর্টেও গিয়ে বলবেন পুলিশ কীভাবে দেশের পতাকা পা দিয়ে মাড়িয়েছে, ছিঁড়ে দিয়েছে।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 9 August 2025 16:06
দ্য ওয়াল ব্যুরো: "কী করেনি মনোজ ভার্মার (Manoj Verma) পুলিশ? শাঁখা পলা ভেঙেছে, জাতীয় পতাকা ছিঁড়েছে। আজ কোনও রাজনৈতিক ঝান্ডা নিয়ে মিছিল তো করা হয়নি। তাও কেন মারধর করা হল?" পার্কস্ট্রিটে অগ্নিমিত্রাদের সঙ্গে নিয়ে অবস্থানে অনড় শুভেন্দু অধিকারী। তিনি জানান, জাতীয় পতাকার অবমাননার জন্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন। দরকারে সুপ্রিম কোর্টেও গিয়ে বলবেন পুলিশ কীভাবে দেশের পতাকা পা দিয়ে মাড়িয়েছে, ছিঁড়ে দিয়েছে।
শনিবার শুভেন্দু অধিকারীদের (Suvendu Adhikari) মিছিল পার্ক স্ট্রিটে পৌঁছোতেই আটকে দেয় পুলিশ। প্রথমে মিছিল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। প্রতিবাদে পার্কস্ট্রিটেই রাস্তায় বসে পড়েন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না নির্যাতিতার বাবা-মা বলছেন ততক্ষণ এভাবেই বসে থাকবেন। আন্দোলন প্রত্যাহারও হবে তাঁদেরই সিদ্ধান্তে।
অন্যদিকে, ব্যারিকেডের সামনে থেকে সরে রাস্তার এক পাশে গিয়ে ফাঁক দিয়ে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেন নির্যাতিতার বাবা (RG Kar Victims Father)। তিনি বলেন, “হাইকোর্ট আমাদের অনুমতি দিয়েছে, তাহলে আটকাচ্ছেন কেন? আমরা শান্তিপূর্ণভাবেই যাচ্ছি, আমাদের যেতে দিন।” কিন্তু পুলিশের কাছ থেকে কোনও উত্তর না মেলায় সেখানে বসে অবস্থান নেওয়ার পরিকল্পনা করেন তিনি ও নির্যাতিতার মা।
আটকানোর জেরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্ক-বিতর্ক শুরু হয়। কিছুক্ষণ পর নির্যাতিতার বাবা-মা সরাসরি পুলিশের ব্যারিকেডে উঠে পড়েন। রেসকোর্সের কাছে পুলিশ ব্যারিকেডে সেখানেই আটকে যান তাঁরা। নির্যাতিতার মায়ের অভিযোগ, "আমার হাতের শাঁখা পলা ভেঙে দেওয়া হয়েছে। মাথায় মেরে কপালের একপাশ ফুলিয়ে দিয়েছে।" শুভেন্দুদের বক্তব্য, "মেয়েকে মেরে পুলিশের শান্তি হয়নি, এখন মা-বাবার উপর আক্রমণ শানাচ্ছে পুলিশ।"