সূত্রের খবর ৮০০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, চলছে ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি অভিযান। কিন্তু এখনও পর্যন্ত সেই ‘পলাতক বাঁদর’-এর কোনও খোঁজ মেলেনি।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 6 November 2025 14:08
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরে (Kolkata airport) চাঞ্চল্যকর ঘটনা! থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি বাঁদর (Monkey escapes from passenger's bag)। কিন্তু তার মধ্যে একটিকে ধরার আগেই উধাও হয়ে গেল সে। বিমানবন্দর চত্বরেই শুরু হয় ব্যাপক তল্লাশি।
সূত্রের খবর, যাত্রীটি থাইল্যান্ড থেকে কলকাতা আসছিলেন। বিমানবন্দরের কাস্টমস অফিসাররা রুটিন তল্লাশির সময় তাঁর ব্যাগ খুলতেই দেখা যায় ভিতরে দুটি ছোট আকারের বাঁদর রয়েছে। এর মধ্যে একটি বাঁদরকে উদ্ধার করা গেলেও, আরেকটি মুহূর্তের মধ্যেই ফসকে যায় কর্মীদের হাত থেকে।
এরপর শুরু হয় খোঁজাখুঁজি! সূত্রের খবর ৮০০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, চলছে ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি অভিযান। কিন্তু এখনও পর্যন্ত সেই ‘পলাতক বাঁদর’-এর কোনও খোঁজ মেলেনি।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, পরিবেশ দফতর ও প্রাণী উদ্ধারের বিশেষ টিমকেও খবর দেওয়া হয়েছে। কিন্তু এত চেষ্টার পরও কোথায় লুকিয়ে আছে সেই ছোট্ট বাঁদর, তা রহস্যই রয়ে গিয়েছে।
কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক বলেন, “সুরক্ষার স্বার্থে প্রতিটি জায়গা তল্লাশি করা হচ্ছে। আপাতত যাত্রীদের আতঙ্কের কিছু নেই।”
একদিকে বিমানবন্দরে কড়া নিরাপত্তা, অন্যদিকে নিখোঁজ বাঁদর, এই বিরল ঘটনায় এখন সরগরম নেটপাড়া থেকে প্রশাসনিক মহল।