কলকাতার অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভগবত বলেন, সংঘের মতো দ্বিতীয় কোনও সংগঠন নেই এবং কোনও ভাবেই সংঘকে মাপা যায় না। তাঁর মতে, সংঘের কোনও শত্রু নেই, কিন্তু সংগঠন বড় হলে অনেকের স্বার্থে আঘাত লাগে।

মোহন ভগবত
শেষ আপডেট: 21 December 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (RSS) বিজেপির (BJP) মতো করে দেখার প্রবণতাকে সরাসরি ভুল বললেন সংঘ প্রধান মোহন ভগবত (Mohan Bhagwat)। তাঁর বক্তব্য, সংঘকে বোঝার জন্য কোনও রাজনৈতিক আঙ্গিক নয়, নিজস্ব দর্শন দিয়েই তাকে দেখা প্রয়োজন।
কলকাতার (Kolkata) অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভগবত বলেন, সংঘের (RSS) মতো দ্বিতীয় কোনও সংগঠন নেই এবং কোনও ভাবেই সংঘকে মাপা যায় না। তাঁর মতে, সংঘের কোনও শত্রু নেই, কিন্তু সংগঠন বড় হলে অনেকের স্বার্থে আঘাত লাগে। সেই কারণেই সংঘকে নিয়ে ভুল প্রচার চালানো হয়।
সংঘের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে ভগবত বলেন, “সংঘ কোনও রাজনৈতিক দলের জন্য তৈরি হয়নি। সংঘ তৈরি হয়েছে ভারতকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে দেখতে।” তাঁর কথায়, ভারত বিশ্বগুরু হয়ে উঠুক - এই লক্ষ্যেই সংঘ কাজ করে যাচ্ছে।
ভাষণে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গও টানেন সংঘ প্রধান। তিনি বলেন, রাজনৈতিক জাগরণ ছাড়া সাধারণ মানুষকে স্বাধীনতা আন্দোলনে যুক্ত করা সম্ভব হতো না। সেই প্রসঙ্গেই তিনি সংঘের প্রতিষ্ঠাতা কে বি হেগড়েওয়ারের কথা উল্লেখ করেন। ভগবতের দাবি, অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার কারণে হেগড়েওয়ারের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা হয়েছিল। আদালতে দাঁড়িয়ে তিনি ব্রিটিশ শাসনের নৈতিক অধিকার নিয়েই প্রশ্ন তুলেছিলেন।
ভারতের ইতিহাস প্রসঙ্গে ভগবত বলেন, ব্রিটিশরা প্রথম বহিরাগত শাসক নয়। তাঁদের আগেও শক, হুণ, পাঠানদের আগমন ঘটেছে। তবে তাঁর দাবি, সেই শক্তিগুলির কোনওটিই ভারতীয় সভ্যতার সমকক্ষ ছিল না।
হিন্দু সমাজের গঠন প্রসঙ্গে ভগবত বলেন, হিন্দু সমাজ স্বভাবতই বিভক্ত। এমনকী পৃথিবীতে অন্য কোনও ধর্ম না থাকলেও হিন্দুরা নিজেদের মধ্যেই বিভাজিত হত। এই কারণেই সংঘকে প্রয়োজন বলে অভিমত। নিজের বক্তব্যে রাজা রামমোহন রায় ও স্বামী বিবেকানন্দের মতো বাঙালি মনীষীদের নাম বারবার আনেন তিনি। সমাজ সংস্কারে তাঁদের ভূমিকার কথাও উল্লেখ করেন ভগবত।