কলকাতা পুলিশ জানিয়েছে, দর্শকদের অনুরোধ করা হচ্ছে যতটা সম্ভব গণপরিবহণ ব্যবহার করতে। ব্যক্তিগত গাড়ি নিয়ে যুবভারতীর দিকে গেলে নির্ধারিত পার্কিংয়ের বাইরে গাড়ি রাখা যাবে না।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 13 December 2025 07:20
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে কলকাতায় পা রেখেছেন লিওনেল মেসি (Messi in kolkata)! স্বভাবতই উন্মাদনায় ফুটছে শহর। সেই উন্মাদনার কেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuva Bharati)। প্রত্যাশিত বিপুল ভিড় সামাল দিতে আগাম প্রস্তুতিও শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। মেসি-সংক্রান্ত অনুষ্ঠানের দিন যুবভারতী ও তার আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক (Kolkata, Traffic) বিধিনিষেধ জারি করা হয়েছে।
লালবাজার সূত্রে জানানো হয়েছে, অনুষ্ঠান চলাকালীন এবং তার আগে-পরে নির্দিষ্ট কিছু রাস্তায় যান চলাচল পুরোপুরি বা আংশিকভাবে নিয়ন্ত্রিত থাকবে। বিশেষ করে ময়দান সংলগ্ন রাস্তা, জেবি স্টেডিয়াম রোড, ডি.এফ. ব্লক সংলগ্ন অংশ, মেট্রো চ্যানেল রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ পথেই কড়া নজরদারি থাকবে। সাধারণ যানবাহনের পাশাপাশি পণ্যবাহী গাড়ির চলাচলেও সময়ভিত্তিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কলকাতা পুলিশ জানিয়েছে, দর্শকদের অনুরোধ করা হচ্ছে যতটা সম্ভব গণপরিবহণ ব্যবহার করতে। ব্যক্তিগত গাড়ি নিয়ে যুবভারতীর দিকে গেলে নির্ধারিত পার্কিংয়ের বাইরে গাড়ি রাখা যাবে না। বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করেছে পুলিশ।
নিরাপত্তার দিকেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি থাকবেন অতিরিক্ত পুলিশকর্মী ও স্বেচ্ছাসেবকরা। শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে অস্থায়ী কন্ট্রোল রুম। প্রয়োজনে রিয়েল-টাইম পরিস্থিতি অনুযায়ী রুট ডাইভারশন করা হবে।
কলকাতা পুলিশের পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ, ট্রাফিক বিজ্ঞপ্তি মেনে চলুন এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন। ফুটবল-উন্মাদনার এই ঐতিহাসিক দিনে যাতে শহরের স্বাভাবিক ছন্দ বজায় থাকে, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা, জানিয়েছে লালবাজার।
এই নিয়ে দ্বিতীয় বার কলকাতায়। ইতিমধ্যে শহরে তাঁর একটি ৭০ ফুট লম্বা (messi statue kolkata) মূর্তি তৈরি করা হয়েছে বিধায়ক সুজিত বসুর তত্ত্বাবধানে। এর আগে যে বার শহরে আসেন মেসি, তখন ভেনেজুয়েলার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেন ফুটবলতারকা (goat tour)। এবার যখন লিও ভারতে আসছেন, তখন তাঁর ব্যস্ত সূচি। চার শহর— কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি মিলিয়ে ‘গোট ট্যুরে’র (GOAT Tour) উন্মাদনা তুঙ্গে (messi in kolkata ticket price)।