প্রথমে ১৫০ জনের গ্রাউন্ড অ্যাকসেস কার্ড করে দেওয়া হয়। পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যাটাকে তিনগুণ বাড়াতে হয়েছিল।
.jpeg.webp)
শতদ্রু দত্ত
শেষ আপডেট: 20 December 2025 15:53
দ্য ওয়াল ব্যুরো: যুবভারতীকাণ্ডে গ্রেফতার হয়েছেন অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত (Shatadru Dutta)। তাঁকে টানা জেরা করে একেরপর এক তথ্য পেয়েছেন সিটের তদন্তকারীরা (SIT)। শতদ্রু নাকি জানিয়েছেন, পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেননি মেসি (Messi In Kolkata)। বিদেশ থেকে আসা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানিয়েছিলেন মেসি।
শুধু তাই নয়, সূত্রের খবর শতদ্রু জেরায় জানিয়েছেন, "বারবার ঘোষণা করেও কোনও লাভ হয়নি। প্রথমে ১৫০ জনের গ্রাউন্ড অ্যাকসেস কার্ড করে দেওয়া হয়। পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যাটাকে তিনগুণ বাড়াতে হয়েছিল।"
জানা গিয়েছে, ভারত সফরের জন্য লিওনেল মেসিকে (Messi News) ৮৯ কোটি টাকা দেওয়া হয়। ভারত সরকারকে কর বাবদ দেওয়া হয়েছিল ১১ কোটি টাকা। ১০০ কোটি টাকার মধ্যে ৩০ শতাংশ টাকা সংগ্রহ হয় স্পনসরদের থেকে। বাকি ৩০ শতাংশ টাকা এসেছে টিকিট বিক্রি করে'। খবর সূত্রের, জেরায় এমনটাই জানিয়েছেন শতদ্রু।
শুক্রবার ভোররাতে অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্তের (Shatadru Dutta) হুগলির রিষড়া পার্ক এলাকার বাড়িতে তল্লাশিতে যায় বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। সকাল ছ’টা নাগাদ ‘চারু সুধা’ নামে পরিচিত ওই বাড়িতে পৌঁছন তাঁরা। সেখানে রিষড়া থানার পুলিশও (Police) অভিযানে সামিল ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবভারতীতে হওয়া বিশৃঙ্খলার ঘটনার তদন্তের স্বার্থেই প্রায় তিন ঘণ্টা ধরে শতদ্রুর বাড়িতে ছিলেন আধিকারিকরা। তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বিধাননগর পুলিশের একটি দল রিষড়া থানায় যায় (Rishra PS)। সেখান থেকে কিছুক্ষণ পরে তাঁরা ফের বিধাননগরের উদ্দেশে রওনা দেন। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে আপাতত নারাজ পুলিশ। একই ভাবে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি শতদ্রুর পরিবারের সদস্যরাও।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে নির্ধারিত অনুষ্ঠানে লিওনেল মেসির উপস্থিতি না থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকদের একাংশ। সেই ক্ষোভ থেকে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে স্টেডিয়াম চত্বরে। ঘটনার পরেই মূল উদ্যোক্তা হিসেবে শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, যুবভারতীর এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তার মধ্যে এক মামলায় দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার আবেদন জানানো হয়েছে।