২০২৪ সালের জুন মাসে টানা বৃষ্টির জেরে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন জলমগ্ন হয়ে পড়েছিল। সেই সময়ও ৫ ঘণ্টার জন্য মেট্রো পরিষেবা বন্ধ ছিল। সেই অভিজ্ঞতার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 30 June 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: শনিবারের পুনরাবৃত্তি ঘটল সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনেও। ফের মেট্রো বিভ্রাটে (Kolkata Metro) বিপর্যস্ত কলকাতার যাতায়াত ব্যবস্থা। সকাল থেকেই ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকায় নাকাল যাত্রীরা। রোজকার মতো সোমবারও অফিসের ভিড় ছিল চোখে পড়ার মতো। তার উপর, আজ থেকেই বহু স্কুলে ইউনিট টেস্ট (School Examination) শুরু হওয়ায় বিপাকে পড়ুয়ারা (Many Students )। সময়মতো স্কুলে পৌঁছতে না পারায় বহু পড়ুয়া পরীক্ষায় বসতেই পারেনি।
মেট্রো সূত্রে খবর, সেন্ট্রাল স্টেশনের টানেলে জমা জল সরাতে না পারায় সকাল ৮টা ৫৫ মিনিট থেকে মেট্রো পরিষেবা আংশিক বন্ধ রাখতে হয়। বর্তমানে কবি সুভাষ থেকে ময়দান এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো চলছে।
শনিবারও একই কারণে সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। সেদিন বিকেলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে নেতাজি ভবন স্টেশনের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় পরিষেবা বন্ধ থাকে দেড় ঘণ্টা। তিন দিনের ব্যবধানে আবারও একই ঘটনা মেট্রোর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে দিল।
যাত্রীদের একাংশের অভিযোগ,, “প্রায় প্রতি বছর বর্ষাকালে এমন ঘটনা ঘটে। তবু কেন নিকাশি ব্যবস্থা উন্নত হচ্ছে না? অতীত থেকে শিক্ষা নিক মেট্রো কর্তৃপক্ষ।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসে টানা বৃষ্টির জেরে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন জলমগ্ন হয়ে পড়েছিল। সেই সময়ও ৫ ঘণ্টার জন্য মেট্রো পরিষেবা বন্ধ ছিল। সেই অভিজ্ঞতার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের।
তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। জমা জল সেচে পরিষেবা সচল করতে বাড়তি কর্মীও মোতায়েন করা হয়েছে। তবু এমন ঘটনা বারবার ঘটায় কলকাতার প্রথম পাতালপথ নিয়ে শহরবাসীর হতাশা বাড়ছে।