জানা গিয়েছে কালীঘাটে মমতার বাসভবনের ওই বৈঠকে থাকবেন দলের শীর্ষ নেতারাও।
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 16 December 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ভোটাররা খসড়া তালিকায় (Draft Voter List) নিজেদের নাম রয়েছে কি না, তা এখনই যাচাই করতে পারছেন। মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনের (Election Commission) নির্দিষ্ট অ্যাপ ‘ইসিআইএনইটি’-র মাধ্যমে এই সুবিধা চালু হয়েছে। অ্যাপে নিজের এপিক নম্বর উল্লেখ করলেই জানা যাচ্ছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত আছে কি না।
যদিও এখনও পর্যন্ত কমিশনের তরফে খসড়া ভোটার তালিকার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতিতে আজ বিকেল ৪টে ভবানীপুর বিধানসভার বুথ লেভেল এজেন্টদের (BLA) সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে কালীঘাটে মমতার বাসভবনের ওই বৈঠকে থাকবেন দলের শীর্ষ নেতারাও।
বস্তুত, কলকাতা পুরসভার (Kolkata Corporation) আটটি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা (Bhawanipore)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিজের বিধানসভা কেন্দ্র। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে যখন তিনি দার্জিলিঙে ছিলেন, তখন সেখান থেকেই মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ফোনে দলীয় নেতাকর্মীদের বার্তা দেন দলনেত্রী। অভিযোগ করেন, ‘‘ভবানীপুরটা পুরো ‘আউটসাইডারদের’ (বহিরাগত) দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে।’’
গত বৃহস্পতিবার এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষ হয়ে গিয়েছে। তাহলে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিধানসভা কেন্দ্র থেকে কাদের নাম বাদ যাচ্ছে, সেটা জানার আগ্রহও রয়েছে অনেকের! কমিশন জানিয়েছে, ১৫৯ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ২ লক্ষ ৬ হাজার ২৯৫ জন। যার মধ্যে ফর্ম ডিজিটাইজ হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ (৭৮.২৯%) জনের।
কমিশনের তথ্য অনুযায়ী এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষে বাংলায় খসড়া তালিকা থেকে মোট নাম বাদ যাচ্ছে ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১ (৭.৫৯%) জনের। যার মধ্যে ভবানীপুরেরই রয়েছে ৪৪ হাজার ৭৮৭ (২১.৭১%) জন।
এবার এক নজরে দেখে নেওয়া যাক কারা রয়েছে বাদের খাতায়
মৃত ভোটার ১০ হাজার ৮৯৭ জন (৫.২৮%)
নিখোঁজ ভোটার ১৯ হাজার ৪৭১ জন (৯.৪৪%)
স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার ১২ হাজার ৫৪৭ জন (৬.০৮%)
ডুপ্লিকেট ১ হাজার ৯৭ জন
অন্যান্য ৭৭৫ জন
১৬ ডিসেম্বর অর্থাৎ আজ যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে, ত্রুটি থাকলে কমিশনকে জানাতে হবে। তার ভিত্তিতে হবে শুনানি। তথ্যপ্রমাণ যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কমিশন। তা প্রকাশ করা হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি।