ঘটনার লিখিত বিবরণ দিয়ে হাসপাতালের অধিকর্তা শুভাশিস কমল গুহ সরাসরি কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মাকে (Manoj Verma) চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর।

কাঞ্চন মল্লিক
শেষ আপডেট: 11 July 2025 17:39
দ্য ওয়াল ব্যুরো: স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বৃদ্ধার চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগে এবার আরও জটিল পরিস্থিতিতে পড়লেন উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। ঘটনার লিখিত বিবরণ দিয়ে হাসপাতালের অধিকর্তা শুভাশিস কমল গুহ সরাসরি কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মাকে (Manoj Verma) চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর। সেই সঙ্গে ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফ্রন্ট মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে বিধায়কের আচরণের কড়া সমালোচনা করেছে।
জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই চিঠিটি ডিসি সেন্ট্রালকে পাঠানো হয়েছে এবং তিনি বউবাজার থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অনুসন্ধানের পরে যদি প্রমাণ মেলে যে অপরাধ ঘটেছে, তাহলে এফআইআর দায়ের করে ব্যবস্থা নেবে পুলিশ।
ঘটনাটি ঘটেছিল গত বুধবার সকালে। কাঞ্চন মল্লিক তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ এবং শাশুড়ির মা (৮৬ বছর বয়সি বৃদ্ধা)–কে নিয়ে যান ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসার জন্য। জানা যায়, ওই বৃদ্ধার ত্বকের সমস্যা ছিল। আউটডোর বন্ধ থাকা সত্ত্বেও এক চিকিৎসকের সুপারিশে তাঁকে মেডিসিন বিভাগের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
তবে অভিযোগ, সেখানে আগে থেকেই বহু রোগী উপস্থিত থাকলেও বিধায়কের পরিচয়ের কারণে তাঁকে অগ্রাধিকার দিয়ে দেখেন কর্তব্যরত চিকিৎসক ও মেডিসিন বিভাগের প্রধান মেহবুবার রহমান। কিন্তু কোনও গুরুতর সমস্যা না থাকায় চিকিৎসক প্রাথমিক পরীক্ষা করেই ছাড়তে চান। সেই সময় কাঞ্চন ও তাঁর স্ত্রী একাধিক প্রশ্ন করেন এবং জোর দিয়ে বলেন বৃদ্ধার রক্তচাপ মাপতে হবে। চিকিৎসকের মেজাজ হারানো এবং পাল্টা প্রশ্নে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, তখনই কাঞ্চন মল্লিক বলেন, “আপনার রেজিস্ট্রেশন নম্বর দিন, বাতিল করে দেব।” এমন মন্তব্যে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। উপস্থিত রোগীদের অনেকেই প্রতিবাদ করেন বিধায়কের এই আচরণের। ঘটনার পর কাঞ্চন ও তাঁর স্ত্রী হাসপাতাল থেকে বেরিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি স্বাস্থ্য ভবনে জানিয়ে দেয় এবং পরবর্তীতে উচ্চতর প্রশাসনিক স্তরে বিষয়টি গড়ায়। যদিও কাঞ্চন মল্লিক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি কোনও প্রভাব খাটাইনি। বরং আমি বিধায়ক বলেই আমার বিরুদ্ধে চক্রান্ত করে এই অভিযোগ তোলা হচ্ছে।” উল্টে ওই চিকিৎসকের বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ তোলেন তিনি।