এই নতুন ব্যবস্থার ফলে বিধাননগরের রাস্তাঘাট আরও পরিচ্ছন্ন হবে বলেই আশা পুরসভার। পাশাপাশি, পরিবেশ সুরক্ষার দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 12 August 2025 20:40
দ্য য়াল ব্যুরো: শহর (Kolkata) পরিষ্কার রাখার লক্ষ্যে আরও একধাপ এগোল বিধাননগর পুরনিগম (Bidhannagar Municipality)। কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এবার যুক্ত হল আধুনিক প্রযুক্তি সম্বলিত ১৯টি নতুন গাড়ি (New Waste Cleaning Vehicle Inaugurated)।
মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানে এই গাড়িগুলির উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব।
শহরের পথে আবর্জনা পড়ে থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই উঠেছে প্রশ্ন। এবার সেই পরিস্থিতির বদল আনতেই উদ্যোগ নিল পুরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায়, রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হল।
মেয়র ফিরহাদ হাকিম জানান, "শহরগুলিকে আধুনিক করতে মডার্ন SWM (Solid Waste Management) সিস্টেম গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী বহু অর্থ বরাদ্দ করেছেন। তারই অংশ হিসেবে এই নতুন গাড়িগুলি চালু করা হল। আধুনিক প্রযুক্তির সাহায্যে শহরকে পরিচ্ছন্ন রাখা অনেক সহজ হবে।"
তিনি আরও জানান, পাথরঘাটা অঞ্চলে বর্জ্য নিষ্কাশনের জন্য বড়সড় পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। ভবিষ্যতে বিধাননগর, সেক্টর ফাইভ, রাজারহাট-নিউটাউনের মতো এলাকাগুলির অতিরিক্ত বর্জ্য পাথরঘাটাতেই প্রক্রিয়াকরণ করা হবে। ফিরহাদের কথায়, "এমন ব্যবস্থা করা হচ্ছে, যেখানে আগামী ৩০ বছরেও বর্জ্য সংক্রান্ত কোনও সমস্যা হবে না।"
পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেন, "এই নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তির মাধ্যমে পুরসভা আরও দক্ষভাবে বর্জ্য নিষ্কাশনের কাজ করতে পারবে।"
বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর কথায়, "গাড়ি দিলেই হবে না, মানুষকেও সচেতন হতে হবে। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। নাগরিকদের সহযোগিতা ছাড়া কোনও প্রকল্পই সফল হয় না।"
এই নতুন ব্যবস্থার ফলে বিধাননগরের রাস্তাঘাট আরও পরিচ্ছন্ন হবে বলেই আশা পুরসভার। পাশাপাশি, পরিবেশ সুরক্ষার দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।