
শেষ আপডেট: 20 October 2023 15:26
দ্য ওয়াল ব্যুরো: খাতায় কলমে ষষ্ঠীতে বোধন হলেও এবছর মহালয়ার আগেই শুরু হয়ে গিয়েছে কলকাতার নামী পুজোর উদ্বোধন। তাই মানুষও অনেক আগে থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। সচরাচর ষষ্ঠীতে যেমন ভিড় হয় তা চতুর্থীতেই নজরে এসেছে। তাহলে ষষ্ঠীতে কি দেখা যাবে অষ্টমীর ভিড়? এমন আশঙ্কাতেই শুক্রবার সন্ধের জন্য সকাল থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ।
ষষ্ঠীর সকাল থেকেই কলকাতার রাস্তায় উপচে পড়া ভিড় নজরে এসেছে। যদিও এদিনের সকালে ট্রাফিক পরিষেবা ছিল স্বাভাবিক। তবে বেলা বাড়ার সঙ্গে যে ভিড় আরও বাড়বে তা আন্দাজ করেই এদিন আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ। বিশেষভাবে নজর রাখা হচ্ছে, শহরের গুরুত্বপূর্ণ পুজোমণ্ডপ, সেই মণ্ডপগুলির নিকটবর্তী মোড় এবং রাস্তায়।কদ
চতুর্থীর সন্ধ্যা থেকে মণ্ডপমুখী জনস্রোতে কার্যত অবরুদ্ধ হয়েছে শহরের বেশ কিছু রাস্তা। পঞ্চমীতে ছিল মহানগরীর রাস্তায় আরও বেশি জনস্রোত। স্বাভাবিকভাবেই ষষ্ঠীতে ভিড় আরও বাড়তে চলেছে। এছাড়াও ষষ্ঠীতে অনেক সরকারি, বেসরকারি অফিস খোলা রয়েছে। তাই দর্শনার্থীদের পাশাপাশি অফিস ফেরত মানুষজনদের যাতে অসুবিধা না হয় সেদিকেও আগে থেকেই প্রস্তুতি নিয়েছে পুলিশ কর্তারা। সেক্ষেত্রে আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও ভেবে রাখা হচ্ছে।
শহরের বিভিন্ন প্রান্তের নামী পুজোর এলাকা যেমন, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, রাসবিহারী এবং উত্তর কলকাতার হাতিবাগান, শোভাবাজারের মতো এলাকাগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। আসলে চারদিন ছুটির আগে বেশিরভাগ কর্মক্ষেত্রে আজই শেষ দিন। তাই এক দিকে অফিসফেরত মানুষজন, অন্যদিকে ঠাকুর দেখতে আসা জনতা- দু’য়ের জেরে শহরের যান চলাচল যাতে থমকে না যায় তার জন্য ষষ্ঠীর সকাল থেকেই পরিস্থিতি সামলাতে নেমে পড়েছে পুলিশ।
মহালয়ার পর থেকেই বেশিরভাগ পুজো দেখার ভিড় জমতে শুরু করেছে। তবে সেই ভিড় আরও বেড়েছে চতুর্থী থেকে। শ্রীভূমি স্পোর্টিং থেকে সন্তোষ মিত্র স্কোয়ার কিংবা ত্রিধারা থেকে একডালিয়া, এমনই বিভিন্ন নামী পুজোর আশেপাশের রাস্তা বিকেলের পর থেকেই প্রায় অবরুদ্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি সামলাতে লালবাজারে আগে থেকেই বৈঠক করা হয়েছে। সুষ্ঠু ট্রাফিক পরিষেবায় যাতে কোনও রকম বিঘ্ন না ঘটে তার জন্য সর্বোতভাবে চেষ্টা করে চলেছে কলকাতা পুলিশ।