আসন্ন অর্থবর্ষের (Financial Year) জন্য এই বাজেট পেশ করা হল। মেয়র (Mayor) হিসেবে ফিরহাদের দ্বিতীয় পর্বের এটিই শেষ বাজেট। এ বছর ডিসেম্বর মাসে বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে।

মেয়র ফিরহাদ হাকিম
শেষ আপডেট: 13 February 2026 16:53
দ্য ওয়াল ব্যুরো: ১১১ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সামনে বিধানসভা নির্বাচন (Assembly Election), তার পরেই পুরভোট (Corporation Vote)। তার আগে আসন্ন অর্থবর্ষের (Financial Year) জন্য এই বাজেট পেশ করা হল। মেয়র (Mayor) হিসেবে ফিরহাদের দ্বিতীয় পর্বের এটিই শেষ বাজেট। এ বছর ডিসেম্বর মাসে বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে।
চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা পুরসভার (KMC) মোট আয় ধরা হয়েছে ৫৫২৪.৮৪ কোটি টাকা এবং ব্যয় ৫৬৩৯.৫৬ কোটি টাকা। ফলে প্রাথমিক হিসাবে ঘাটতি দাঁড়াচ্ছে ১১৪.৭২ কোটি টাকা। যদিও ঘোষিত হিসাবে ১১১ কোটির ঘাটতির কথাই তুলে ধরা হয়েছে।

তবে অতীত অভিজ্ঞতা বলছে, ঘাটতি বাজেট পেশ হলেও শেষ পর্যন্ত কোষাগারে উদ্বৃত্তই দেখা গিয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ১২৬.৪০ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করা হলেও বছর শেষে ৩৫১.৪৯ কোটি টাকা উদ্বৃত্ত হয়েছিল। একই ভাবে ২০২৩-২৪ অর্থবর্ষেও শেষ পর্যন্ত ৩২০.৩০ কোটি টাকা উদ্বৃত্ত হয়েছিল পুরসভার কোষাগারে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এ বারের বাজেটে বিশেষ জোর দেওয়া হচ্ছে বস্তি ও ‘উত্তরণ’ প্রকল্পের উন্নয়নে। পাশাপাশি রাস্তা মেরামত, আলো-সহ নাগরিক পরিষেবার পরিকাঠামো উন্নয়নের কথাও বলা হয়েছে। আগের মতোই পানীয় জলের সরবরাহ আরও সম্প্রসারণের প্রতিশ্রুতিও রয়েছে বাজেটে।
নির্বাচনের আগে এই বাজেটকে রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। তবে পুর প্রশাসনের দাবি, নাগরিক পরিষেবা আরও শক্তিশালী করাই তাদের প্রধান লক্ষ্য। ঘাটতির অঙ্ক ঘোষিত হলেও শেষ পর্যন্ত তা উদ্বৃত্তে গড়াবে কি না, এখন সেই দিকেই নজর।
বস্তুত, পুর অধিবেশনের শেষে বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত ‘টক টু মেয়র’ কর্মসূচি হবে। গত কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর ফের এই কর্মসূচি শুরু করবেন মেয়র ।