শুক্রবারের অনুষ্ঠানে মেট্রো রেলের অতীত ও ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেন জিএম মিশ্র। তিনি বলেন, “চিংড়িঘাটার সম্প্রসারণের কাজ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দিনক্ষণও চূড়ান্ত করা হয়েছে।”

ফাইল ছবি
শেষ আপডেট: 25 October 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার যাত্রীদের জন্য এল আশার খবর। মেট্রোর নতুন সম্প্রসারণ ও পুরনো লাইনের উন্নতি নিয়ে বড় ঘোষণা করলেন কলকাতা মেট্রোর (Kolkata Metro) জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র। শুক্রবার কলকাতা মেট্রোর ৪১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট (New Garia-Airport Metro) পর্যন্ত মেট্রো পরিষেবা (Metro Service) চালু হয়ে যাবে। ইতিমধ্যেই ওই লাইনের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।
শুধু তাই নয়, ২০২৯ সালের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড (Esplaneda) পর্যন্ত পার্পল লাইন (Purple Line) চালু করার লক্ষ্য নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। একইসঙ্গে পুরনো ব্লু লাইনের সমস্যার স্থায়ী সমাধানেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জিএম। তিনি বলেন, “ব্লু লাইনের সিগন্যালিং সিস্টেম পুরোপুরি বদলে দেওয়া হবে। সিবিটিসি প্রযুক্তি চালু হলে আরও কম সময়ের ব্যবধানে ট্রেন চালানো সম্ভব হবে। তিন থেকে চার বছরের মধ্যেই সমস্যার সমাধান হবে।”
শুক্রবারের অনুষ্ঠানে মেট্রো রেলের অতীত ও ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেন জিএম শুভ্রাংশু মিশ্র। তিনি বলেন, “চিংড়িঘাটার সম্প্রসারণের কাজ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দিনক্ষণও চূড়ান্ত করা হয়েছে।” পাশাপাশি তিনি জানান, মেট্রোর আরও ৫৭ কিলোমিটার নতুন পথের অনুমতি ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তার মধ্যে ২৯ কিলোমিটারের কাজ ২০২৬-এর মধ্যেই সম্পন্ন করা হবে, যার মধ্যে ১৯ কিলোমিটার যাত্রীদের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।
১৯৮৪ সালের ২৪ অক্টোবর এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত চালু হয়েছিল দেশের প্রথম মেট্রো। সেই ঐতিহাসিক দিনটিকেই স্মরণ করে শুক্রবার নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বিশেষ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনও। তিনি বলেন, “কলকাতার সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে মেট্রো ওতপ্রোতভাবে জড়িত। দেশের অন্য শহরগুলিতে মেট্রো সংযোগের প্রেরণাও দিয়েছে কলকাতা।”