২৮ অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন, তাঁদের ২৭ অক্টোবরের মধ্যেই উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 25 October 2025 16:23
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে (Depression) পরিণত হয়েছে, যা রবিবার আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপের রূপ নেবে। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে।
নতুন এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মান্থা’ (Mantha), যা থাইল্যান্ডের (Thailand) দেওয়া নাম - অর্থাৎ ‘মন্থন’। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধেয় স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় মান্থা, তখন বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
২৮ অক্টোবর থেকে মৎস্যজীবীদের (Fishermen) সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন, তাঁদের ২৭ অক্টোবরের মধ্যেই উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘলা।
সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও বৃহস্পতিবার ও শুক্রবার ফের সক্রিয় হবে বৃষ্টি। সেই সময় মালদহ, উত্তর দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকলেও দিনভর আবহাওয়া মূলত শুষ্ক। তবে সোমবার থেকেই পরিস্থিতি বদলাবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ছট পুজোর দিন (সোমবার রাত ও মঙ্গলবার সকাল) দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে উপকূল ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ৩০–৫০ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।
বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদে।
কলকাতার আবহাওয়া
শনিবার আকাশ ঝলমলে থাকলেও, সোমবার রাত থেকে আবহাওয়া বদলাবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। সঙ্গে ৩০–৪০ কিমি গতিবেগে ঝড়ো হাওয়া বইবে।
কৃষকদের পরামর্শ ও সতর্কতা
দক্ষিণবঙ্গের কৃষকদের মাঠে পাকা ফসল থাকলে তা দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে।