ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে (Kollata Metro Blue Line) বাড়তে চলেছে মেট্রো সংখ্যা। আগামী সোমবার থেকেই এই পরিষেবা পাওয়া যাবে বলে খবর।

ফাইল চিত্র
শেষ আপডেট: 23 August 2025 23:53
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রো পেয়েছে নতুন তিনটি রুট। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বঙ্গ সফরে এসে তার উদ্বোধন করেছেন। এরপরই যাত্রীদের জন্য সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে (Kollata Metro Blue Line) বাড়তে চলেছে মেট্রো সংখ্যা। আগামী সোমবার থেকেই এই পরিষেবা পাওয়া যাবে বলে খবর।
মেট্রোর তরফে জানানো হয়েছে, বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনে প্রতিদিন ২৬২টি ট্রেন চলাচল করে। তবে আগামী সোমবার অর্থাৎ ২৫ অগস্ট থেকে আপ এবং ডাউন মিলিয়ে সেই সংখ্যা বেড়ে হচ্ছে ২৮৪। কর্তৃপক্ষের দাবি, অফিস সময়ের ভিড় সামলাতে এবং যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রীদের স্বস্তির কথা মাথায় রেখে শেষ মেট্রোর সময়সূচিতেও (Kolkata Metro Time Table) সামান্য পরিবর্তন আনা হচ্ছে। যদিও প্রথম ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে, শেষ মেট্রোর সূচি বদলাচ্ছে আপ লাইনে। বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৩৩ মিনিটে। নতুন সূচি অনুযায়ী, সোমবার থেকে এই ট্রেন পাওয়া যাবে রাত ৯টা ৩৪ মিনিটে। এছাড়া শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে। ডাউন লাইনে অবশ্য কোনও পরিবর্তন থাকছে না।
তবে নতুন পরিষেবা কার্যকর হবে শুধুমাত্র সোমবার থেকে শুক্রবার। শনি ও রবিবারগুলিতে আগের মতোই চলবে মেট্রো। যাত্রী চাপ কমানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই নতুন সূচি এবং বাড়তি মেট্রো পরিষেবা নিঃসন্দেহে শহরের নিত্যযাত্রীদের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে বলেই আশাবাদী কলকাতা মেট্রো।