শনিবার দুপুরে ফের কলকাতা মেট্রো পরিষেবায় বিপর্যয়। সে কারণে আবার একবার চূড়ান্ত ভোগান্তির শিকার হলেন শহরবাসী।

ফাইল ছবি
শেষ আপডেট: 28 June 2025 17:27
দ্য ওয়াল ব্যুরো: শনিবার দুপুরে ফের কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবায় বিপর্যয়। সে কারণে আবার একবার চূড়ান্ত ভোগান্তির শিকার হলেন শহরবাসী। এদিন দুপুর সাড়ে ৩টা নাগাদ হঠাৎ যান্ত্রিক ত্রুটির জেরে বন্ধ হয়ে যায় ময়দান (Maidan) থেকে কবি সুভাষের (Kavi Subhash) মধ্যে মেট্রো চলাচল। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর (Dakhineswar) পর্যন্তই পরিষেবা সীমিত রাখা হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুর ৩টা ৩২ মিনিট নাগাদ একটি রেকে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। ঠিক কী ত্রুটি, তা নিয়ে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। তবে তার জেরেই বন্ধ করে দেওয়া হয় ওই রুটে আপ ও ডাউন — উভয় দিকের পরিষেবা।
দুপুরে কালীঘাট স্টেশনে আটকে পড়েছিল একটি ট্রেন। প্রায় ২০ মিনিট ধরে এক জায়গায় দাঁড়িয়েছিল সেটি। সেই সময়ে শুধু ঘোষণা করা হচ্ছিল, যান্ত্রিক ত্রুটির জন্য দেরি হবে। ফলত ওই লাইনে আরও বেশ কয়েকটি ট্রেনও পরপর দাঁড়িয়ে যায়। তার জেরে যাত্রীদের সমস্যা সৃষ্টি হয়।
উল্লেখযোগ্যভাবে, কলকাতা মেট্রোয় এই ধরনের বিভ্রাট নতুন কিছু নয়। কখনও রেকে যান্ত্রিক গোলযোগ, কখনও বা সিগন্যাল বিপর্যয়ে মাঝপথে আটকে পড়ে ট্রেন। এমনকি যাত্রী পড়ে যাওয়ার ঘটনাও ব্যাহত করেছে পরিষেবা।
শনিবারের ঘটনায় এখনও পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে পরিষ্কার করে জানানো হয়নি, ঠিক কী কারণে এই গোলযোগ। তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। আপাতত দক্ষিণেশ্বর–ময়দান রুটে পরিষেবা চালু রেখে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে।