কসবা ল কলেজে (Kasba Law College) ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। শুরু হয়েছে শাসক-বিরোধী আকচা-আকচি।

সাবধান করে দিল পুলিশ
শেষ আপডেট: 28 June 2025 17:15
দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজে (Kasba Law College) ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। শুরু হয়েছে শাসক-বিরোধী আকচা-আকচি। এমন পরিস্থিতিতে কেউ কেউ ইচ্ছাকৃত সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছে কলকাতা পুলিশ (Kolkata Police)। যে কারণে শনিবার সাবধান করে দিয়ে তারা জানিয়ে দিয়েছে, এমনটা ঘটতে থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
Certain unscrupulous elements are attempting deliberately to give a communal colour to the unfortunate incident in Kasba. Such actions are not only misleading but also aimed at disturbing public order. Stringent legal action shall be taken against those spreading false narratives…
— Kolkata Police (@KolkataPolice) June 28, 2025
কলকাতা পুলিশ এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছে, "কসবায় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু অসাধু ব্যক্তি সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের প্রচেষ্টা বিভ্রান্তিকর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। যারা মিথ্যা তথ্য এবং বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পুলিশের তরফে আরও লেখা হয়েছে, "উক্ত মামলায় যথোপযুক্ত আইনগত ও তদন্তমূলক পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম সম্পূর্ণ আইন অনুযায়ী অগ্রসর হচ্ছে।"
সাউথ ক্যালকাটা ল কলেজের এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের উচ্চশিক্ষা দফতর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও দুঃখপ্রকাশ করেছেন এই ঘটনায়। শুক্রবার ধৃত তিনজনকে আলিপুর আদালতে পেশ করা হলে ১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।