বৃহস্পতিবার বিকেলে দক্ষিণেশ্বরগামী মেট্রো লাইনে গোলযোগ দেখা যায়। মেট্রো চলাচল (Kolkata Metro service) বিঘ্নিত হয়। ব্যস্ত সময় ভোগান্তির শিকার যাত্রীরা।

কলকাতা মেট্রো
শেষ আপডেট: 29 May 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার প্রশ্নের মুখে কলকাতা মেট্রোর চলাচল ব্যবস্থা। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণেশ্বরগামী মেট্রো লাইনে গোলযোগ দেখা যায়। মেট্রো চলাচল (Kolkata Metro service) বিঘ্নিত হয়। ব্যস্ত সময় ভোগান্তির শিকার যাত্রীরা।
এদিন দুপুরে নির্ধারিত সময়েই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছিল দক্ষিণেশ্বরগামী মেট্রোটি। হঠাৎ মাঝপথে থেমে যায়। জানা যায়, বিকেল ৪ টে ৫০ মিনিটে রবীন্দ্র সদন লাইনে বিশৃঙ্খলা দেখা যায়। ফলে পরপর বেশ কয়েকটি মেট্রো দাঁড়িয়ে পড়ে।
ঘটনার জেরে কিছুক্ষণের জন্য দুই লাইনেই মেট্রো চলাচল বন্ধ করা হয়। পরে দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা হয়। স্টেশনে ভিড় জমে যায় যাত্রীদের। সপ্তাহের মাঝে ব্যস্ত সময়ে গোলযোগের জেরে ভোগান্তি পোহাতে হয় সকলকেই। প্রশ্ন উঠছে, সেইসময় পুলিশ কোথায় ছিল? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ফের মেট্রো পরিষেবা স্বাভাবিক করা হয়।
উল্লেখ্য, কলকাতা মেট্রোয় (Kolkata Metro Service) এমনিতে অনেক নিয়ম রয়েছে। কিন্তু বেশিরভাগ নিয়মই মানেন না সাধারণ যাত্রীরা। এইসব নিয়মগুলির মধ্যে অন্যতম, প্ল্যাটফর্মের হলুদ রঙের লাইন (Yellow Line) না পার করা। সেই নিয়মেই আরও কড়াকড়ি হতে চলেছে। এবার থেকে এই লাইন পেরোলে ২৫০ টাকা জরিমানা দিতে হবে আম যাত্রীদের। সম্প্রতি কলকাতা মেট্রোর তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ১ জুন থেকেই চালু হচ্ছে এই নতুন বিধি।
গত সোমবার মেট্রো কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, কেউ যদি মেট্রো আসার আগেই ওই লাইন পার করেন তাহলে তাকে অপরাধী বলে গণ্য করা হবে এবং ২৫০ টাকা জরিমানা দিতে হবে। মূলত যাত্রী সুরক্ষার কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।