ইডেনে সেমিফাইনাল ম্যাচ (WC Semi Final Eden) শেষে বাড়ি ফেরার অসুবিধা দূর করতে ব্লু লাইনের এসপ্ল্যানেড (Esplanade) স্টেশন থেকে বিশেষ মেট্রো চালানো হবে।
.jpg.webp)
কলকাতা মেট্রো
শেষ আপডেট: 3 March 2026 13:53
দ্য ওয়াল ব্যুরো: একই দিনে হোলি (Holi) এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল (T20 World Cup 2026 Semi Final)- দু’টি বড় অনুষ্ঠানের ভিড়ে যাত্রীদের অসুবিধা এড়াতে বিশেষ ব্যবস্থা করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। বুধবার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ রয়েছে। আর তার আগে দিনভর শহরে পালিত হবে হোলি (Metro Service on Holi)। এই পরিস্থিতিতে যাতায়াত যাতে সহজ হয়, সেই লক্ষ্যেই কিছু লাইনে ট্রেন সংখ্যা কমানো হলেও ম্যাচ শেষে বাড়ি ফেরার জন্য রাখা হচ্ছে বিশেষ মেট্রো পরিষেবা।
সোমবার মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হোলির কারণে বেশ কয়েকটি লাইনে মেট্রো কম চলবে। তবে দিনের প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।
সবচেয়ে বেশি কমবে ব্লু লাইন (দক্ষিণেশ্বর–ছহিদ ক্ষুদিরাম) পরিষেবা (Metro Blue Line Service)। সাধারণ দিনে এই রুটে আপ-ডাউন মিলিয়ে ২৭২টি মেট্রো চলে। কিন্তু হোলির দিন চলবে ১৯৪টি মেট্রো। যদিও নির্দিষ্ট সময়েই ছাড়বে প্রথম ও শেষ ট্রেন।
এদিকে, ইডেনে সেমিফাইনাল ম্যাচ (WC Semi Final Eden) শেষে বাড়ি ফেরার অসুবিধা দূর করতে ব্লু লাইনের এসপ্ল্যানেড (Esplanade) স্টেশন থেকে বিশেষ মেট্রো চালানো হবে। রাত ১১টা ১৫ মিনিটে আপ ও ডাউন- উভয় দিকে মেট্রো ছাড়বে। বিশেষ মেট্রোটি সব স্টেশনে থামবে। যাত্রীদের টিকিটের সুবিধার জন্য বুকিং কাউন্টার খোলা থাকবে শুধুমাত্র এসপ্ল্যানেড স্টেশনে।
গ্রিন লাইনে (Green Line) সাধারণত ২২৮টি মেট্রো চলে। হোলির দিন সেখানে চলবে ১৮৬টি মেট্রো। এখানেও প্রথম এবং শেষ ট্রেনের সময় একই থাকবে।
ইয়েলো লাইনে (Yellow Line) সারাদিনে চলবে মোট ৯২টি মেট্রো। প্রথম ট্রেনের সময় বদলানো না হলেও শেষ ট্রেনের ক্ষেত্রে রয়েছে পরিবর্তন।
অরেঞ্জ ও পার্পেল লাইনের পরিষেবায় কোনও পরিবর্তন হবে না, চলবে সাধারণ দিনের সময়সূচি অনুযায়ী।
সব মিলিয়ে, হোলির দিন ট্রেন সংখ্যা কম হলেও ইডেনের সেমিফাইনাল ম্যাচ শেষে বাড়ি ফেরার সুবিধা রাখতে বিশেষ মেট্রো চালানোই এই ব্যবস্থার মূল লক্ষ্য। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই জন্যই আগাম এই সময়সূচি প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।