বিমানবন্দরে যাতায়াতের সুবিধা ও বাড়তি যাত্রীচাপের কথা ভেবেই এই নতুন সময়সূচি কার্যকর করা হচ্ছে। অতএব বলা যায়, নতুন এই পরিবর্তনে শহরের মেট্রো পরিষেবা আরও সহজ ও নিরবচ্ছিন্ন হতে চলেছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 1 November 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: নিত্যযাত্রীদের জন্য সুখবর! আরও সহজ হচ্ছে মেট্রো যাত্রা (Kolkata Metro Service)। ইস্ট-ওয়েস্ট এবং হলুদ লাইন- দু’টি রুটেই এবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা ও পরিষেবার সময়সীমা। কলকাতা মেট্রো (Kolkata Metro Service) কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই পরিবর্তন আনা হচ্ছে। সকালে অফিসযাত্রীদের চাপ সামলাতে এবং রাতের শেষ মেট্রোর সময় একটু বাড়াতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
শনিবার থেকে ইস্ট-ওয়েস্ট রুটে (East-West Metro) প্রথম মেট্রো পরিষেবার সময় এগোল। এতদিন শনিবার ১৮৬টি মেট্রো চলত, এখন থেকে প্রতি শনিবার ২২৬টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩২ মিনিটে। শেষ মেট্রো হাওড়া থেকে ছাড়বে রাত ৯টা ৪৫-এ এবং সল্টলেক থেকে রাত ৯টা ৪৭-এ। অর্থাৎ, শনিবারের দিন আরও বেশি সংখ্যক মেট্রো চলবে এবং যাত্রীরা আরও সকালে প্রথম মেট্রো ধরতে পারবেন এবং রাতেও দেরি অবধি পরিষেবা পাবেন।
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হলুদ লাইনে (নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর রুটে) চলবে মোট ১২০টি ট্রেন- ৬০টি আপ ও ৬০টি ডাউন। আগে সকালে প্রথম মেট্রো ছাড়ত নোয়াপাড়া থেকে সকাল ৭টা ৫৫-এ, আগামী সোমবার থেকে তা ছাড়বে সকাল ৭টা ১৮ মিনিটে। বিমানবন্দর দিক থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে। অর্থাৎ, যাত্রীরা আরও আগে মেট্রো ধরতে পারবেন।
রাতের দিকেও পরিষেবায় বদল আসছে। আগে শেষ মেট্রো ছাড়ত নোয়াপাড়া থেকে রাত ৮টায়, এখন তা ছাড়বে রাত ৯টা ৫৮ মিনিটে। বিমানবন্দর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। ফলে অফিসফেরত বা রাতের যাত্রীরা অনেকটা স্বস্তি পাবেন।
শনিবার ও রবিবারেও হলুদ লাইনে ট্রেনের সংখ্যা বাড়ছে। আগে শনিবার ৪৪টি এবং রবিবারে ৪০টি মেট্রো চলত। এখন সপ্তাহান্তে চলবে ৭৮টি মেট্রো (৩৯টি আপ ও ৩৯টি ডাউন)। ৩ নভেম্বরের পর সেই সংখ্যা বেড়ে হবে ৯২টি (৪৬টি আপ, ৪৬টি ডাউন)। আগে যেখানে ৩৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যেত, এখন পাওয়া যাবে মাত্র ১৮ মিনিট অন্তর।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে যাতায়াতের সুবিধা ও বাড়তি যাত্রীচাপের কথা ভেবেই এই নতুন সময়সূচি কার্যকর করা হচ্ছে। অতএব বলা যায়, নতুন এই পরিবর্তনে শহরের মেট্রো পরিষেবা আরও সহজ ও নিরবচ্ছিন্ন হতে চলেছে।