সাড়ে ১২টা থেকে শহরের আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল, দিনের বেলায় যেন রাত নেমে এল কলকাতায় এবং দক্ষিণবঙ্গের আরও নানা জেলায়।

কলকাতায় মুষলধারে বৃষ্টি
শেষ আপডেট: 18 July 2025 13:39
দ্য ওয়াল ব্যুরো: কয়েক বছর আগে পর্যন্তও মজা করে বলা হতো, আবহাওয়া অফিস কি আজ বৃষ্টি হবে না বলেছে? তাহলে ব্যাগে অবশ্যই রাখতে হবে ছাতা। আর যদি বলে বৃষ্টি হবে, তাহলে কাঠফাটা রোদে পোড়াই ভবিতব্য।
অর্থাৎ হাওয়া অফিস যা পূর্বাভাস দেয়, তার উল্টোটা বাস্তবে ঘটে বলেই ধরে নিতেন সাধারণ মানুষ। কিন্তু গত কয়েক বছরে স্যাটেলাইট আপডেটের কল্যাণে, এমন বড় ফারাক আর হয় না। বরং কাঁটায় কাঁটায় মিলে যায় রোদ-বৃষ্টির পূর্বাভাস।
কিন্তু শুক্রবার যা হল, তাতে অনেকেরই আবার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেছে। কারণ বৃষ্টির বিদায় ঘোষণা করেছিল হাওয়া অফিস। অথচ কার্যক্ষেত্রে ঘটল উল্টোটা। আচমকা বৃষ্টিতে নাজেহাল হতে হল শহবাসীকে।
দক্ষিণবঙ্গ থেকে একটু একটু করে বিদায় নিচ্ছে বৃষ্টি। শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানায়। বলা হয়, বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। দিন ও রাতের পারদ স্বাভাবিকের উপরে থাকবে। আর্দ্রতা বেশি থাকায় ঘেমেনেয়ে স্নান হওয়ার মতো অবস্থা হবে।
কিন্তু বেলা একটু গড়াতেই মিথ্যে হয়ে গেল সে পূর্বাভাস। সাড়ে ১২টা থেকে শহরের আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল, দিনের বেলায় যেন রাত নেমে এল কলকাতায় এবং দক্ষিণবঙ্গের আরও নানা জেলায়। তুমুল বৃষ্টিতে ভিজল রাজ্যের একাংশ। বৃষ্টির দাপটে শহরের নানা প্রান্তে জল জমার এবং যানজটের খবরও মিলেছে।
এদিকে আবহাওয়া দফতর এদিন সকালেই জানায়, মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও অন্য কোনও সক্রিয় সিস্টেম না থাকায় বৃষ্টির প্রভাব অনেকটাই কমছে। আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, হালকা বৃষ্টি হলেও পরিমাণ কম থাকবে।
এই পূর্বাভাস ভুল হওয়ার পরে এখন প্রশ্ন উঠেছে, আগামী কয়েক দিনের আবহাওয়া নিয়েও। কারণ আলিপুর আবহাওয়া দফতর আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানালেও, গুগলের ওয়েদার রিপোর্ট আবার বলছে, সারা সপ্তাহ জুড়েই বৃষ্টিতে ভিজবে কলকাতা।

এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পরবর্তী রিপোর্ট বলছে, আবারও এক দফা ঝড়বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে দক্ষিণবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে তার আগে, শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হতে পারে।
কলকাতাতেও শনিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকেই ঝড়বৃষ্টি হতে পারে—হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন অংশে। শনিবার সেই বৃষ্টির পরিমাণ ও বিস্তার আরও বাড়বে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গেও শনিবার থেকে শুরু হচ্ছে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি—এই পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার সেই বৃষ্টির দাপট আরও বাড়বে। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। একইসঙ্গে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
সোমবারেও উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে।
সপ্তাহের শুরুতে, অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা আরও কমে আসবে। আকাশ থাকবে আংশিক মেঘলা, কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।