ফাইল ছবি
শেষ আপডেট: 19 February 2025 10:50
দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে ফের কলকাতার ইএম বাইপাসে পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, বুধবার ভোর চারটে নাগাদ একটি প্রাইভেট গাড়ি কবি সুকান্ত মেট্রো রেলের কাছে একটি পিলারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, এদিন ভোরে গাড়িটি রুবি হাসপাতালের মোড় থেকে অভিষিক্তার মোড়ের দিকে যাচ্ছিল। কিন্তু আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ইএম বাইপাসের উপর কবি সুকান্ত মেট্রো স্টেশনের পিলারে ধাক্কা মারে।
গাড়িটিতে এক নাবালক-সহ মোট তিনজন ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। তবে ঠিক কী কারণে এমন দুর্ঘটনা তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে সজোরে ধাক্কা মারার কারণে গাড়ির এয়ারব্যাগও বেরিয়ে যেতে দেখা যায়।
তবে বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা নাকি চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে গড়ফা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, এদিন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পিলারে ধাক্কা মেরে সেটি যেমন দুমড়েমুচড়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে সাতসকালে ইএম বাইপাসে আচমকা এমন দুর্ঘটনায় যান চলাচল কিছুটা ব্যহত হলেও পরে তা স্বাভাবিক হয়।