
শেষ আপডেট: 27 October 2023 14:43
দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গিতে একের পর এক মৃত্যু অব্যাহত। এবার বলি হলেন কলকাতার এক চিকিৎসক। বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। পজিটিভ ছিল তাঁর ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট। আর ডেঙ্গির কারণে একের পর এক মৃত্যুতে স্বাভাবিকভাবেই বাড়ছে আতঙ্ক।
মৃত তরুণ চিকিৎসকের নাম অনিমেষ মাঝি। বাঁকুড়ার খাতরার বাসিন্দা অনিমেষ এসএসকেএম হাসপাতালে অর্থোপেডিকে স্নাতকোত্তর করছিলেন। ডাক্তারির ছাত্রটি কলকাতাতে থাকতেন। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। পজিটিভ ছিল তাঁর ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট। এসএসকেএমেই চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়। শুক্রবার সকালে পর পর দু'বার হার্ট অ্যাটাক হয় তাঁর। এরপর এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন অনিমেষ। গত দু'দিনে শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয় ওই চিকিৎসককে। হাসপাতাল সূত্রের খবর, অনিমেষের 'ক্যাপিলারি লিকেজ' হচ্ছিল। শরীরে অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হতে থাকে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও হল না শেষ রক্ষা। অকালেই মৃত্যু হয় ডাক্তারির ওই পড়ুয়ার।
প্রসঙ্গত, রাজ্যের উৎসবের মরসুমে বেশ কিছুদিন ধরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি। রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ডেঙ্গিতে বলি হয়েছেন অনেকেই। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তা সত্ত্বেও শহর থেকে শহরতলি, সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে ডেঙ্গি।