ধর্মীয় বই কেনার নাম করে ইসকনের সঙ্গে ২ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে কলকাতার ব্যবসায়ী দেবরাজ ভট্টাচার্যের বিরুদ্ধে। ভুয়ো বিল দিয়ে টাকা আত্মসাৎ করার মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

ইসকন (ফাইল ছবি)
শেষ আপডেট: 10 November 2025 12:02
দ্য ওয়াল ব্যুরো: ধর্মীয় বই কেনার নাম করে প্রায় ২ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল কলকাতার ইসকনের সঙ্গে যুক্ত এক বই সরবরাহকারীর বিরুদ্ধে। অভিযুক্ত দেবরাজ ভট্টাচার্যকে শনিবার রাতে গিরিশ পার্ক এলাকা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। রবিবার তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
কয়েক বছর আগে ইসকনের তরফে ধর্মীয় বইয়ের একটি বড় অর্ডার দেওয়া হয়। সেই বই সরবরাহের দায়িত্বে ছিলেন দেবরাজ ভট্টাচার্য। অভিযোগ, অর্ডার অনুযায়ী সম্পূর্ণ বই না সরবরাহ করেই ভুয়ো বিল জমা দিয়ে সংস্থার কাছ থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেন তিনি। পরবর্তীকালে অডিটের সময় এই গরমিল ধরা পড়ে।
ঘটনার পর ২০১৯ সালে দেবরাজ ভট্টাচার্য ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় প্রতারণার অভিযোগ দায়ের করে ইসকন কর্তৃপক্ষ। অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক ছিলেন মূল অভিযুক্ত দেবরাজ। তাঁকে খুঁজে বার করতে দীর্ঘদিন অভিযান চালায় পুলিশ। আদালত থেকেও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
সম্প্রতি কলকাতায় ফিরে আসেন ওই ব্যক্তি। জানা গেছে, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গিরিশ পার্ক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার আদালতে তোলা হলে ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
তদন্তকারীরা জানিয়েছেন, দেবরাজকে জেরা করে এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত অন্যদের পরিচয় এবং টাকা পাচারের পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানে গোটা মামলার আর্থিক লেনদেন ও বিল সংক্রান্ত নথিও খতিয়ে দেখা হচ্ছে।