কাঁকুড়গাছি থেকে উল্টোডাঙা আসার পথে সিআইটি রোড বিএসএনএল মোড়ের কাছে একটি গাড়ি বেপরোয়া গতিতে ধাক্কা মারে পরপর তিনজনকে।

শেষ আপডেট: 23 January 2026 12:04
দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর সকালে শহরের বুকে দুর্ঘটনা। কাঁকুড়গাছি থেকে উল্টোডাঙা আসার পথে সিআইটি রোড বিএসএনএল মোড়ের কাছে একটি গাড়ি বেপরোয়া গতিতে ধাক্কা মারে পরপর তিনজনকে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা সঙ্কটজনক।
সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। বেপরোয়া গতিতে আস্তে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির গতি কম করে হলেও ১০০ কিমি প্রতি ঘণ্টা হওয়া অস্বাভাবিক নয়। বাস থেকে নামতে থাকা এক যাত্রীকে প্রথমে সেটি ধাক্কা মারে। তারপর এক বাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একজনকে রীতিমতো পিষে দেয়। তারপর আরও এক স্কুটিআরোহীকে ধাক্কা মেরে শেষমেশ গাছে ধাক্কা মেরে থামে। গাড়িতে শিশু-সহ এক মহিলা ছিলেন বলে খবর।
জানা গিয়েছে, তিন জনই গুরুতর আহত এবং তার মধ্যে বাইক আরোহীর অবস্থা সঙ্কটজনক। আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আরও দু'জন চিকিৎসাধীন।
সকালের যে ব্যস্ত সময়ে ঘটনাটি ঘটেছে, সেই সময় গাড়ির গতি অত বেশি থাকা বেশ উদ্বেগজনক। উল্টোডাঙাতে অনেক ক্রসিং, সেই সব পেরিয়েও কীকরে গাড়িটি দ্রুতগতিতে ছুটে আসছিল, সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে।