ঘটনার দিন দুপুরে কলেজে ঢোকার পর একাধিকবার তাঁকে মৌখিকভাবে হেনস্থা করা হয়। শেষ পর্যন্ত তিনি অভিযুক্তদের প্রস্তাবে রাজি না হলে সন্ধে সাড়ে ৭টা নাগাদ তাঁকে কলেজের একটি রুমে টেনে নিয়ে যাওয়া হয় বলে দাবি।

ফাইল ছবি
শেষ আপডেট: 27 June 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজের (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় এই মুহূর্তে উত্তাল শহর। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে তৃণমূল যুবনেতা মনোজিৎ মিশ্র (Manojit Mishra) সহ আরও দুজনকে। ইতিমধ্যে ল কলেজ এবং কসবা থানার সামনে বিক্ষোভ করছে কংগ্রেস, বিজেপি। এরই মধ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ধর্ষণের ভিডিও তুলে নির্যাতিতাকে ব্ল্যাকমেলও (Blackmail) করেছিল অভিযুক্তরা।
গত বুধবার সন্ধে সাড়ে ৭টা থেকে রাত ৯টার মধ্যে তরুণীকে কলেজের মধ্যেই গণধর্ষণ করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। আগেই জানা গেছিল পুলিশকে তরুণী বলেছেন, কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভানেত্রী বানিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। এই কথা বলে তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে রাজি না হওয়ায় ধর্ষণ করা হয়। এবার আরও বড় তথ্য প্রকাশ্যে এল।
সূত্রের খবর, তরুণী পুলিশকে জানিয়েছেন গণধর্ষণ করার ভিডিও তুলেছিল অভিযুক্তরা। সেটা দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করেছিল। এমনকী, তাঁর প্রেমিক এবং পরিবারের ক্ষতি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়! এখানেই শেষ নয়, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলেও দাবি করেছেন অভিযোগকারিণী। অনুমান, প্রস্তাবে তরুণী রাজি না হওয়ায় রাগের বশে এমনটা করেছেন মনোজিৎ।
ঘটনার দিন দুপুরে কলেজে ঢোকার পর একাধিকবার তাঁকে মৌখিকভাবে হেনস্থা করা হয়। শেষ পর্যন্ত তিনি অভিযুক্তদের প্রস্তাবে রাজি না হলে সন্ধে সাড়ে ৭টা নাগাদ তাঁকে কলেজের একটি রুমে টেনে নিয়ে যাওয়া হয় বলে দাবি। অভিযোগ, মনোজিৎ যখন তাঁকে ধর্ষণ করছিলেন তখন অন্য দুই ছাত্র ঘরের দরজা পাহারা দিচ্ছিলেন।
অভিযুক্ত তিনজনের কাছ থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের মোবাইল ফোন। অভিযুক্তদের আজ আলিপুর আদালতে তোলা হয়েছিল। ধৃতদের আগামী ১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিলেন আলিপুর আদালতের মুখ্য বিচারবিভাগীয় বিচারক।