
লালবাজারে আন্দোলনকারী চিকিৎসকরা।
শেষ আপডেট: 3 September 2024 17:11
দ্য ওয়াল ব্যুরো: প্রতীকী মেরুদণ্ড নিয়ে লালবাজারে সিপির সঙ্গে দেখা করতে গেলেন আন্দোলনরত চিকিৎসকদের ২২জন প্রতিনিধি। সোমবার বিকেল থেকে শুরু হওয়া লালবাজার অভিযানে আন্দোলনকারীদের একটাই দাবি, আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের তদন্তে গাফিলতির অভিযোগে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে।
আন্দোলনকারীদের দাবি মেনে সিপি আদৌ পদত্যাগ করেন কিনা, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমানসেও। এই মুহূর্তে লালবাজার সংলগ্ন এলাকার দু'ধারে অগুনতি মানুষ। তাঁদের আলোচনায় একদিকে যেমন ডাক্তারি পড়ুয়াদের টানা ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ বিক্ষোভের প্রসঙ্গ উঠে আসছে তেমনই চর্চায় উঠে আসছে, শেষ কবে এমন হয়েছে যে সিপির কাছে সিপিরই পদত্যাগ চাওয়া হচ্ছে!
আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে লালবাজার অভিমুখে জুনিয়র ডাক্তারদের মিছিল আটকাতে দুটি ব্যারিকেড করেছিল পুলিশ। এই ব্যারিকেডের বাইরেই সোমবার রাতভর অবস্থান করেন জুনিয়র ডাক্তাররা। রাতে পুলিশ কর্তারা তাঁদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ফের মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ অবস্থানরত ডাক্তারদের সঙ্গে কথা বলতে আসেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার সন্তোষ পাণ্ডে। রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ডাক্তারদের। তাঁদের একটি প্রতিনিধি দল যাতে সেখান থেকেই লালবাজারে স্মারকলিপি জমা দিয়ে আসে, সেই অনুরোধও জানান। তবে সেই অনুরোধ আবারও প্রত্যাখান করেন ডাক্তাররা।
তাঁরা জানিয়ে দেন, হয় পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিজে এসে তাঁদের সঙ্গে দেখা করতে হবে। সেখানেই তাঁকে স্মারকলিপি পড়ে শোনানো হবে এবং তিনি সেটি গ্রহণ করবেন। না হলে ডাক্তারদের মিছিলকে লালবাজারের দিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত এগোতে দিতে হবে। সেখান থেকে ডাক্তারদের একটি প্রতিনিধিদল লালবাজারে গিয়ে স্মারকলিপি জমা দেবেন। এর কোনওটাই না শোনা হলে পদত্যাগ করতে হবে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে।
জুনিয়র ডাক্তারদের এই দাবি নিয়ে লালবাজারে দফায় দফায় বৈঠক করেন পুলিশ কর্তারা। পরে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার রূপেশ কুমার ফের জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিলিত হন। এরপরেই বের হয় সমাধানসূত্র। ডাক্তারদের দাবি মেনে ব্যারিকেড সরিয়ে নিতে সম্মত হয় পুলিশ। জুনিয়র ডাক্তাররা জানান, আরও ১০০ মিটার মিছিল করে গিয়ে তারপরে তাঁদের ২২ জনের প্রতিনিধি দল পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেবেন।
তবে পুলিশের দেওয়া গাড়িি প্রত্যাখ্যান করে পায়ে হেঁটে সিপির সঙ্গে দেখা করতে যান আন্দোলনকারীদের প্রতিনিধিরা। এখন দেখার, বৈঠকে কোনও সমাধান সূত্রে বের হয় কিনা অর্থাৎ আন্দোলনকারীদের দাবি মেনে সত্যিই কি কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরে যাবেন বিনীত গোয়েল?