
জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা
শেষ আপডেট: 16 November 2024 14:39
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রেশ এখনও অব্যাহত। মতের অমিল হলেও নির্যাতিতার বিচারের দাবিতে এক অবস্থানে 'জুনিয়র ডক্টরস ফ্রন্ট' ও 'জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন'। এবার জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠনের তরফে হাসপাতালের অধ্যক্ষের কাছে আর্জি জানানো হল, যেন চেস্ট মেডিসিন বিভাগের নাম পাল্টে 'অভয়া ওয়ার্ড' রাখা হয়।
গত ৯ অগস্ট হাসপাতালের সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। নিহত চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠনের দাবি, তিনি যে ওয়ার্ডে ডিউটি করতেন অর্থাৎ চেস্ট বিভাগের নাম যেন পাল্টে 'অভয়া ওয়ার্ড' রাখা হয়।
সংগঠনের তরফে এদিন সকাল সকাল অধ্যক্ষের সঙ্গে দেখা করে তারা। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তাররা জানান, 'হাসপাতালের মধ্যে যে দুঃখজনক ঘটনা ঘটে গেছে, মানুষের সেবা করতে গিয়ে যে ঘটনা তাঁর সঙ্গে ঘটেছে তাতে আমরা মর্মাহত। যে কারণে আমরা মনে করছি ওই ওয়ার্ডের নাম বদলে যদি 'অভয়া ওয়ার্ড' করা যায়।'
তারা আরও বলে, 'এই দাবি নিয়ে আমরা আজ প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু উনি অফিসে ছিলেন না। আমরা চাই এই ডিসিশন আলোচনার মাধ্যমে যদি কার্যকর করা যায়। পরদিন যেদিন স্যার থাকবেন ওই দিন আবার আমরা এই দাবিপত্র জমা দেব।'
প্রসঙ্গত, ওয়ার্ডের নাম পরিবর্তন, টাস্ক ফোর্সে সংগঠনের প্রতিনিধি রাখা-সহ মোট ন'টি দাবি নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকেও চিঠি পাঠিয়েছেন তাঁরা।
শুধু তাই নয়, সংগঠন জানায়, আগামী ১৮ তারিখ দশ জনের প্রতিনিধি দল নিয়ে তারা সিজিও কমপ্লেক্স অভিযান করে ডেপুটেশন জমা দেবে। যেখানে বলা হবে, দ্রুত যেন সিবিআই তদন্ত শেষ করে এবং সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে যে ট্রায়াল শুরু হয়েছে তা শেষ করে।