ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারকে সরেজমিনে তদন্ত করে দেখতে হবে, কোথায় কোথায় পুলিশি নিরাপত্তা দরকার, কতগুলি সিসিটিভি ক্যামেরা বসানো প্রয়োজন এবং সেগুলি কোথায় বসানো হবে। সেই রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যেই আদালতে জমা দিতে হবে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 19 August 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) পরপর ঘটনার জেরে উদ্বেগ বেড়েছে উচ্চ আদালতের। ছাত্রছাত্রী ও ফ্যাকাল্টিদের নিরাপত্তা নিয়ে (Security Tightened) যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠতেই এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court)।
বিচারপতি সুজয় পল ও বিচারপতি স্মিতা দাস-এর বেঞ্চ রাজ্য সরকারের কাছে ১৫ দিনের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে।
মামলাকারী শুভম দাসের আইনজীবী অর্ক নাগ ও বিশ্বরূপ ভট্টাচার্য জানান, যাদবপুরে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে। তাই ক্যাম্পাসে আর্ম ফোর্স মোতায়েন এবং কলকাতা পুলিশের নজরদারি জরুরি বলেই দাবি করেন তাঁরা। পাশাপাশি, ক্যাম্পাসে সর্বত্র সিসিটিভি বসানোর দাবিও জানান (CCTV, Police eployment)।
এরই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী ঋজু ঘোষাল আদালতকে জানান, ১১ই অগস্ট প্রো-ভিসির নেতৃত্বে একটি বৈঠক হয়েছিল, যেখানে নিরাপত্তা সংক্রান্ত নানা পরিকল্পনা হয়। ইতিমধ্যেই ওয়েবেল সংস্থার সঙ্গে আলোচনা করে ৬৮ লক্ষ টাকার একটি সিসিটিভি প্রকল্পের বাজেট তৈরি হয়েছে।
রাজ্যের উচ্চশিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিও জানিয়েছেন, সিসিটিভি বসানো নিয়ে রাজ্য সরকার পরামর্শ নিচ্ছে এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই তারা সক্রিয়।
ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারকে সরেজমিনে তদন্ত করে দেখতে হবে, কোথায় কোথায় পুলিশি নিরাপত্তা দরকার, কতগুলি সিসিটিভি ক্যামেরা বসানো প্রয়োজন এবং সেগুলি কোথায় বসানো হবে। সেই রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যেই আদালতে জমা দিতে হবে।
অনেকের মতে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে রাজ্য এবং ইউজিসি যে আর ঢিলেমি করতে পারবে না, তা এদিন আদালতের কড়া সুরেই স্পষ্ট। এখন দেখার, আগামী দিনে যাদবপুরে বাস্তবিকই কতটা বদল আসে নিরাপত্তা পরিকাঠামোয়।