বিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের উপস্থিতিতে এক বৈঠকে হরমনপ্রীতকে ডিলিট দিয়ে সম্মান জানানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সূত্রে এই খবর পাওয়া গিয়েছে

শেষ আপডেট: 20 November 2025 14:56
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur ) সাম্মানিক ডিলিট (DLitt) দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। আগামী ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মান প্রদান করা হবে। বিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের উপস্থিতিতে এক বৈঠকে হরমনপ্রীতকে ডিলিট দিয়ে সম্মান জানানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
বুধবার রাজভবনে রাজ্যপাল তথা আচার্য আনন্দ বোসের সঙ্গে বৈঠকে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবের কথা জানান। আচার্য আনন্দ বোস মৌখিকভাবে সেই প্রস্তাবে সম্মতি দেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।
বুধবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সমাবর্তনে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-র চেয়ারম্যান সমীর ভি কামাল এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চের সিইও শিবকুমার কল্যাণারমনের মধ্যে একজনকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়। আচার্য-রাজ্যপাল সেই প্রস্তাবেও সায় দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির বৈঠকে প্রস্তাবিত নামগুলি পাশ করিয়ে নেওয়া হবে। এরপর অতিথিদের সরকারিভাবে আমন্ত্রণ জানানো শুরু হবে।
পূর্ণ সময়ের ভিসি না থাকায় ২০২৩ ও ২০২৪ এ পূর্ণাঙ্গ সমবর্তন হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আচার্য-রাজ্যপাল সমাবর্তনের অনুমতিই দেননি ওই দুই বছর। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথা মেনে ডিগ্রি প্রদানের জন্য সংক্ষিপ্ত সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিল। চিরঞ্জীব ভট্টাচার্য গত তিন নভেম্বর পূর্ণ সময়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার পূর্ণাঙ্গ সমাবর্তন অনুষ্ঠিত হবে।