ভারতের ম্যাচ জেতার পর হাজার হাজার সমর্থক ভিড় জমাতে শুরু করেন নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের সামনে। কেউ কেউ ৩৬ থেকে ৪০ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি। হতাশায় ফেটে পড়েছেন অনেকে।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 1 November 2025 23:58
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের বিশ্বকাপ ফাইনাল (Women's World Cup) ঘিরে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। কিন্তু সেই উচ্ছ্বাস এখন বদলে গেছে ক্ষোভে, কারণ সাধারণ দর্শকরা পাচ্ছেন না মাঠে বসে ম্যাচ দেখার সুযোগ। ১৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১ লক্ষ ৩০ হাজার টাকায়, এই অবিশ্বাস্য 'কালোবাজারি' ঘিরে রীতিমতো তোলপাড় ক্রিকেট মহল। টিকিট বিক্রির অব্যবস্থা ও কালোবাজারি ঠেকাতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েছে আইসিসি (ICC) ও আয়োজক বোর্ড।
ভারতীয় মহিলা ক্রিকেট দল (India women's cricket team) ফাইনালে ওঠার পর থেকেই টিকিট নিয়ে আগ্রহ বেড়েছে বহুগুণে। বৃহস্পতিবার সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের ম্যাচ জেতার পর হাজার হাজার সমর্থক ভিড় জমাতে শুরু করেন নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের সামনে। কেউ কেউ ৩৬ থেকে ৪০ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি। হতাশায় ফেটে পড়েছেন অনেকে।
সমর্থকদের অভিযোগ, 'ফাইনালের আগে থেকেই বোর্ড জানত ভারত খেললে টিকিটের চাহিদা বাড়বে (Women's World Cup final tickets)। তবু অফলাইনে বিক্রির কোনও ব্যবস্থা করা হয়নি।'
অনলাইনেও সব টিকিট মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। শনিবার বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সমস্ত টিকিট ‘সোল্ড আউট’ হয়ে যায়। এরপর কিছু ওয়েবসাইটে বিক্রি হওয়া টিকিট পুনরায় বিক্রি হতে দেখা যায়, যেখানে ১৫০ টাকার টিকিটের দাম ১ লক্ষ ৩০ হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে যায়। এমনকি ভিআইপি আসনের টিকিটের দামও অনেকটাই বেড়ে গেছে।
এই ঘটনায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, '২০২৩ পুরুষদের বিশ্বকাপে (Men's World Cup 2023) যেমন কালোবাজারি হয়েছিল, আইসিসি কেন সেই ভুল থেকে শিক্ষা নেয়নি?' অনেকের মতে, ভারত ফাইনালে ওঠার পর বিশেষ ব্যবস্থা না নেওয়াটাই সবচেয়ে বড় ভুল তাদের।
এত বিতর্কের পরও এখনও বোর্ডের তরফে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সমর্থকদের দাবি, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে টিকিট বিক্রির সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। এক ক্রিকেটপ্রেমীর কথায়, 'আমরা শুধু চাই মাঠে বসে হরমনপ্রীতদের খেলা দেখতে। কিন্তু এখন মনে হচ্ছে সেটাই বিলাসিতা।' এককথায়, ভারতীয় মহিলা দলের ফাইনাল ম্যাচ ঘিরে যতই উন্মাদনা বাড়ছে, টিকিট বিতর্কে ততই অস্বস্তিতে পড়ছে আয়োজক সংস্থা।