সৌগত রায়ের জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁরাই আপডেট দিয়েছে যে, শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ খানিকটা উন্নত হয়েছে তাঁর।

সৌগত রায়
শেষ আপডেট: 3 July 2025 20:49
দ্য ওয়াল ব্যুরো: গত ২২ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মাঝে সৌগত রায়ের (Saugata Roy) শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়েছিল। স্নায়ুর রোগ ও অনিদ্রার সমস্যায় ভুগতে থাকা বর্ষীয়ান তৃণমূল সাংসদ (TMC MP) চিকিৎসকদের চিন্তা বাড়িয়েছিলেন। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, তিনি আপাতত স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন (Health Update)।
সৌগত রায়ের জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁরাই আপডেট দিয়েছে যে, শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ খানিকটা উন্নত হয়েছে তাঁর। আগে কথা জড়িয়ে যাচ্ছিল। কিন্তু আপাতত তা কিছুটা স্বাভাবিক হয়েছে। পাশাপাশি আগের মতো তন্দ্রাচ্ছন্ন ভাব থাকলে তা আগের মতো প্রবল নয়। মনে করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও সুস্থ হয়ে উঠবেন তৃণমূল সাংসদ। তবে কোনও ঝুঁকি নিতে রাজি নন চিকিৎসকরা। সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে তাঁকে।
সাংসদের শরীরে আদতে পটাশিয়ামের মাত্রা বেশি। এছাড়া তাঁর শ্বাসনালিতে সংক্রমণ হয়েছিল, কিডনির সমস্যাও দেখা দিয়েছিল। আরও জানা যায়, ভারনিক এনসেফালোপ্যাথিতে আক্রান্ত প্রবীণ সাংসদ। সেরেব্রাল অ্যাট্রোফিও ধরা পড়েছে তাঁর শরীরে। এমন শারীরিক অস্বস্তি তাঁকে আরও দুর্বল করে তুলছে। কিন্তু শেষ পাওয়া তথ্য যথেষ্ট ইতিবাচক। চিকিৎসকরা মনে করছেন, যে ওষুধ তাঁকে দেওয়া হচ্ছে তাতে কাজ হচ্ছে।
দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত রায়। এর পর তাঁকে আর বাড়িতে রাখার ঝুঁকি নেয়নি পরিবার। প্রথমে ভর্তি করানো হয়েছিল বেলঘরিয়ার একটি হাসপাতালে। পরে সেখান থেকে দক্ষিণ কলকাতার হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে তাঁকে, ইউরিনারি ক্যাথেটারও ব্যবহার করা হচ্ছে। তরল ও গলা খাবারই আপাতত সৌগতর একমাত্র খাদ্য।