সোমবার সকালে মৌসুমী মর্নিং ওয়াকে বেরলে তাঁর পিছু নেয় বাবলু। স্থানীয় ক্লাবের সামনে মহিলাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 November 2025 11:38
দ্য ওয়াল ব্যুরো: হরিদেবপুরে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় (Haridevpur Case) গ্রেফতার করা হল আরও এক অভিযুক্তকে। সোমবার সাত সকালে ঘটে যাওয়া এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, সোমবার সকাল ৬টা ১৫ নাগাদ কালীপদ মুখার্জি রোডে বাইকে করে এসে দুই দুষ্কৃতী ওই মহিলার পথ আটকায়। কথা কাটাকাটির মাঝে একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় (Haridevpur Case)। গুলি লাগে মহিলার পিঠে। আহতকে প্রথমে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে স্থানান্তরিত করা হয়।
গুলিবিদ্ধ মহিলার নাম মৌসুমী হালদার (৩৮)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তর নাম বাবলু। বছর তিনেক ধরে মৌসুমীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। বাবলুর স্ত্রী ন’বছর আগে মারা যান, মেয়েরও বিয়ে হয়ে গেছে। সেই সময় থেকেই মৌসুমীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। এমনকি মৌসুমীকে বিয়েও করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।
মৌসুমীর একটি ছেলে রয়েছে। ছেলের আপত্তি এবং পারিবারিক অশান্তির কারণে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন তিনি। এই নিয়েই দুজনের মধ্যে ঝামেলা চলছিল কদিন ধরে। গতরাতে দু’জনের মধ্যে প্রচণ্ড অশান্তি হয় বলে জানান স্থানীয়রা।
সোমবার সকালে মৌসুমী মর্নিং ওয়াকে বেরলে তাঁর পিছু নেয় বাবলু। স্থানীয় ক্লাবের সামনে মহিলাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুলির আওয়াজ পেয়ে এলাকার বাসিন্দারাই ঘটনাস্থলে ছুটে আসে। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গতকালই বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে আরও একজনকে ধরা হল। সম্পর্কের টানাপড়েন নাকি হামলার নেপথ্যে অন্য কোনও কারণও রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।