স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও কড়া নির্দেশ দেন ডিআরএম। নিয়মিত ময়লা পরিষ্কার, সিসিটিভি ক্যামেরায় নজরদারি এবং নিরাপত্তা কর্মীদের তৎপর থাকার কথা বলেন। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য পরিষ্কার সাইনবোর্ড লাগানো এবং ট্রেন সময়মতো চালানোর ওপরও জোর দেওয়া হয়।
.jpg.webp)
Gangasagar Mela
শেষ আপডেট: 18 December 2025 20:46
দ্য ওয়াল ব্যুরো: মকর সংক্রান্তিকে ঘিরে গঙ্গাসাগর মেলা মানেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। সেই ভিড় সামলাতে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। মঙ্গলবার শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা কাকদ্বীপ ও নামখানা স্টেশন ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন শিয়ালদহ ডিভিশনের একাধিক আধিকারিক।
স্টেশন পরিদর্শনের সময় ডিআরএম পুণ্যার্থীদের সুবিধার জন্য করা বিভিন্ন ব্যবস্থা খতিয়ে দেখেন। ‘মে আই হেল্প ইউ’ কাউন্টার ঠিকমতো কাজ করছে কি না, টিকিট কাউন্টার, স্টেশনে ঘোষণার ব্যবস্থা, যাত্রীদের নিরাপত্তা—সব কিছুই তিনি নিজে যাচাই করেন। মেলা উপলক্ষে যে অতিরিক্ত ইএমইউ লোকাল ট্রেন চালানো হবে, তার সময়সূচিও ঠিক করা হয়। ট্রেনে ওঠানামার সময় যাতে পুণ্যার্থীরা সমস্যায় না পড়েন, সে বিষয়ে রেলকর্মীদের বাড়তি নজর রাখতে নির্দেশ দেন তিনি।
স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও কড়া নির্দেশ দেন ডিআরএম। নিয়মিত ময়লা পরিষ্কার, সিসিটিভি ক্যামেরায় নজরদারি এবং নিরাপত্তা কর্মীদের তৎপর থাকার কথা বলেন। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য পরিষ্কার সাইনবোর্ড লাগানো এবং ট্রেন সময়মতো চালানোর ওপরও জোর দেওয়া হয়।
রেলের তরফে জানানো হয়েছে, গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য শিয়ালদহ ও কলকাতা থেকে বাড়তি ইএমইউ লোকাল ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলির বিস্তারিত সময়সূচি শীঘ্রই জানানো হবে। এছাড়া শিয়ালদহ দক্ষিণ শাখার শিয়ালদহ, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে জরুরি আলো ব্যবস্থাও খতিয়ে দেখেন ডিআরএম। লক্ষ্মীকান্তপুর, নামখানা ও কাকদ্বীপ স্টেশনে আরপিএফ ও জিআরপি যৌথভাবে নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
পুণ্যার্থীদের কথা ভেবে শিয়ালদহ, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে পর্যাপ্ত টিকিট কাউন্টার, এম-ইউটিএস ও এটিভিএম চব্বিশ ঘণ্টা খোলা রাখা হয়েছে। রেলের পাশাপাশি সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবক, স্কাউট ও গাইড এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেডের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। কাকদ্বীপ ও নামখানা স্টেশনে আলাদা মেডিক্যাল ইউনিট চালু রয়েছে।
সব দিক খতিয়ে দেখে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সংশ্লিষ্ট দফতরগুলিকে মেলা চলাকালীন আরও সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দেন। রেলের দাবি, গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের যাত্রা যাতে নিরাপদ ও স্বস্তির হয়, তার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।