যাত্রীদের টিকিট কাটার ঝামেলা কমাতে অতিরিক্ত টিকিট কাউন্টার ও কর্মী মোতায়েন করা হবে। পাশাপাশি এম-ইউটিএস (M-UTS) ব্যবস্থার ব্যবহার বাড়িয়ে লাইনে দাঁড়ানোর চাপ কমানো হবে। স্টেশনের অনুসন্ধান কাউন্টারে ট্রেনের সময়সূচি, প্ল্যাটফর্ম নম্বর ও বিশেষ ট্রেন সংক্রান্ত তথ্য সব সময় এনাউন্স করার নির্দেশ দেওয়া হয়েছে।

গঙ্গাসাগর মেলা
শেষ আপডেট: 4 January 2026 17:06
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ এর গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে শিয়ালদহ স্টেশনে যাত্রী পরিষেবা এবার আরও মজবুত। মেলার সময় লক্ষ লক্ষ যাত্রী যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য একাধিক ব্যবস্থা নিচ্ছে শিয়ালদহ রেল ডিভিশন।
শনিবার শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যশরাম মীণার নেতৃত্বে টিকিট চেকিং কর্মী ও কমার্শিয়াল সুপারভাইজারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে যাত্রী সুবিধা বাড়ানো, ভিড় নিয়ন্ত্রণ এবং দ্রুত পরিষেবা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
যাত্রীদের টিকিট কাটার ঝামেলা কমাতে অতিরিক্ত টিকিট কাউন্টার ও কর্মী মোতায়েন করা হবে। পাশাপাশি এম-ইউটিএস (M-UTS) ব্যবস্থার ব্যবহার বাড়িয়ে লাইনে দাঁড়ানোর চাপ কমানো হবে। স্টেশনের অনুসন্ধান কাউন্টারে ট্রেনের সময়সূচি, প্ল্যাটফর্ম নম্বর ও বিশেষ ট্রেন সংক্রান্ত তথ্য সব সময় এনাউন্স করার নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রীদের সুবিধার জন্য স্টেশন চত্বরে নিয়মিত ও স্পষ্ট ঘোষণা করা হবে, যাতে কোনও বিভ্রান্তি না হয়। মেলা চলাকালীন কমার্শিয়াল সুপারভাইজারদের মাঠপর্যায়ে সারাক্ষণ সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যে কোনও সমস্যার দ্রুত সমাধান করা যায়।
রেল কর্তৃপক্ষের দাবি, গঙ্গাসাগর মেলার ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনে পরিষেবার মান বজায় রাখতে তারা পুরোপুরি প্রস্তুত। লক্ষ্য একটাই, যাত্রীরা যেন নিরাপদ, সুসংগঠিত এবং ঝামেলামুক্ত যাত্রার অভিজ্ঞতা পান।