
সিজিও কমপ্লেক্স
শেষ আপডেট: 20 March 2025 14:54
দ্য ওয়াল ব্যুরো: আগেই আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) চারজন নার্সকে (Nurse) তলব করেছিল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তাঁরা। ঘটনার দিন হাসপাতালের এমারজেন্সি রুমে কর্মরত বেশ কয়েক জন নার্সকেই ডেকে পাঠানো হয়েছে সিবিআই-এর তরফে। তাঁদের বৃহস্পতি-শুক্র এই দু'দিন হাজিরা দেওয়ার কথা।
সিজিও কমপ্লেক্স সূত্রে জানা গিয়েছে, আজ হাজিরা দেওয়া চার জনকে বেশ খানিকক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বস্তুত, সিবিআই তদন্ত শুরু হওয়ার কিছুদিন পর থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকে নির্যাতিতার পরিবার।
ঠিকভাবে তদন্ত হচ্ছে না বলে দাবি ছিল নিহত চিকিৎসকের বাবা-মা। সেই কারণে আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তাঁরা। এদিকে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলছিল। তাই হাইকোর্ট জানিয়েছিল, শীর্ষ আদালতের নির্দেশ না আসা পর্যন্ত শুনানি হবে না।
এদিকে সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা-মা যে আবেদন করেছিলেন তা বিতর্কিত বলে মন্তব্য করেছিল আদালত। সেই প্রেক্ষিতে তাঁদের নতুন করে আবেদন করতে বলা হয়েছিল। পাশাপাশি কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন, তাহলে এই মামলার শুনানি কি বন্ধ করে দেওয়া হবে, এই প্রশ্ন নির্যাতিতার পরিবারকে করেছিল শীর্ষ আদালত। পরবর্তী সময়ে তাঁরা জানান, কলকাতা হাইকোর্টেই মামলা ফেরত চান।
গত সোমবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, নির্যাতিতার পরিবারের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ মামলা শুনতে পারবে।
প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে দীর্ঘ দিন অনশন এবং কর্মবিরতি চালিয়ে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। তবে নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার নেপথ্যে আরও অনেকে রয়েছে। এখন দেখার নার্সদের জিজ্ঞাসাবাদ করে কোন নতুন তথ্য উঠে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।