ধর্মঘটের জেরে এমনিতেই সকাল থেকে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। কোথাও বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আবার কোথাও রেল অবরোধে গন্ডগোল।

ফাইল ছবি
শেষ আপডেট: 9 July 2025 11:08
দ্য ওয়াল ব্যুরো: শ্রমিক ও কৃষক-বিরোধী কেন্দ্রীয় নীতির প্রতিবাদে বুধবার দেশজুড়ে ধর্মঘট (Bharat Bandh) পালন করছে বামেরা। এই প্রতিবাদ কর্মসূচি পালনের মাঝে হঠাৎ অগ্নিকাণ্ডের (Fire Incident) ঘটনা ঘটল শহরে। যাদবপুরে (Jadavpur) ধর্মঘটের সমর্থনে সিপিএমের মিছিল থেকে আগুন লেগে যায়।
কুশপুতুল এবং টায়ার পোড়ানো থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে (8B Bus Stand) কুশপুতুল ও টায়ার জ্বালানোর সময় আচমকা আগুন লেগে যায়। রাস্তার ধারে দোকানে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক। সাধারণ মানুষের ভয় আরও বাড়ে কারণ আশেপাশের কেবলের তারেও আগুন লেগে গেছিল। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরাই তড়িঘড়ি আগুন নেভান। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
ধর্মঘটের জেরে এমনিতেই সকাল থেকে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। কোথাও বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আবার কোথাও রেল অবরোধে গন্ডগোল। তার ফলে আবার ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। এরই মাঝে যাদবপুরের পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও অগ্নিকাণ্ডের ঘটনায় হইহই সৃষ্টি হয়। তবে খুব তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় কোনও ক্ষতি হয়নি।
এদিন সকালেই বনধ (Bharat Bandh) সফল করতে রাস্তায় নেমে পড়েছেন বাম কর্মী-সমর্থকরা। এদিকে যান চলাচল সচল রাখতে তৎপর পুলিশও। বনধ ঘিরে সতর্ক রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে স্টেশন, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে। ইতিমধ্যে নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বনধের দিনে সরকারি অফিসে কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে।