এই সামগ্রিক ধর্মীয় আবহের মধ্যেই দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স এর একটি বাড়িতে দেখা গেল এক অভিনব উদ্যোগ। ‘প্রশান্ত’ নামের বাড়িটিতে একসঙ্গে ১৭ জন মহিলা পুরোহিত শিবপুজো সম্পন্ন করেন।

ছবিঃ গ্রাফিক্স দ্য ওয়াল
শেষ আপডেট: 16 February 2026 17:29
দ্য ওয়াল ব্যুরো: শিবরাত্রির পবিত্র তিথিতে মেতে উঠেছে গোটা কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে মহাদেবের ( Lord Shiva ) আরাধনায় সামিল অসংখ্য ভক্ত। উপবাস, অঞ্জলি, রুদ্রাভিষেক, বেলপাতা ও দুধ নিবেদন, সব মিলিয়ে দিনভর চলছে শিবপুজো। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শিবরাত্রি ( Shivratri ) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বিশ্বাস করা হয়, এই রাতে নিষ্ঠাভরে শিবের আরাধনা করলে মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনে শান্তি ও মঙ্গল আসে।
এই সামগ্রিক ধর্মীয় আবহের মধ্যেই দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স এর একটি বাড়িতে দেখা গেল এক অভিনব উদ্যোগ। ‘প্রশান্ত’ নামের বাড়িটিতে একসঙ্গে ১৭ জন মহিলা পুরোহিত ( female priest ) শিবপুজো ( Shiv thakur ) সম্পন্ন করেন। সাধারণত শিবপুজোয় পুরুষ পুরোহিতদেরই বেশি দেখা যায়। সেখানে একসঙ্গে এতজন মহিলা পুরোহিতের উপস্থিতি অনেকের কাছেই ছিল অন্য রকম।
শাস্ত্রসম্মত বিধি মেনে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো শুরু হয়। ১৭ জন মহিলা পুরোহিত একসঙ্গে মন্ত্রপাঠ করেন এবং শিবলিঙ্গে জল, দুধ, ফুল ও বেলপাতা অর্পণ করেন। তাঁদের মন্ত্রোচ্চারণে পরিবেশ আধ্যাত্মিক হয়ে ওঠে। রুদ্রাভিষেকের সময় উপস্থিত ভক্তরা গভীর মনোযোগে সেই আচার দর্শন করেন।
সকাল থেকেই বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। অনেকেই বিশেষভাবে এসেছিলেন মহিলা পুরোহিতদের হাতে শিবপুজো দেখতে। উপস্থিতদের একাংশের মতে, এটি শুধুই একটি ধর্মীয় আয়োজন নয়, বরং সমাজে নারীর ক্ষমতায়ন ও সমানাধিকারের এক ইতিবাচক দৃষ্টান্ত। ধর্মীয় আচার-অনুষ্ঠানে নারীর সক্রিয় অংশগ্রহণ যে ক্রমশ বাড়ছে, এই উদ্যোগ তারই প্রমাণ।
শিবরাত্রির মতো গুরুত্বপূর্ণ দিনে এই ব্যতিক্রমী আয়োজন অনেকের মন ছুঁয়ে যায়। ভক্তদের মতে, ভক্তি ও নিষ্ঠাই আসল, পুরুষ বা নারী ভেদে নয়, আন্তরিকতাতেই পূজার সার্থকতা। শিব রাত্রিতে ‘প্রশান্ত’ বাড়ির এই উদ্যোগ তাই এক নতুন বার্তা দিল, সময়ের সঙ্গে বদলাচ্ছে চিরাচরিত ধারণা, আর সেই পরিবর্তনের সাক্ষী থাকল শিবরাত্রির এই পবিত্র দিন।