প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, উল্টোডাঙা ব্রিজ থেকে নামার পর বেঙ্গল কেমিক্যালের সামনে পৌঁছতেই পিছন দিক থেকে দ্রুতগতির একটি লরি বাইকটিকে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন দু’জনেই। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তাঁরা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 January 2026 08:43
দ্য ওয়াল ব্যুরো: শহরের (Kolkata) অন্যতম ব্যস্ত রাস্তা ই এম বাইপাসে ফের প্রাণঘাতী দুর্ঘটনা (Road Accident At EM Bypass)। উল্টোডাঙা ব্রিজ (Ultadanga Bridge) থেকে নামার মুখে বেঙ্গল কেমিক্যালের (Bengal Chemical) সামনে একটি লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। শুক্রবার রাতের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সঞ্জয় দাস (৪২)। তিনি মানিকতলা থানা এলাকার ক্যানাল সাউথ রোডের নেতাজিনগর কলোনির বাসিন্দা। শুক্রবার রাতে তিনি তাঁর জামাইয়ের সঙ্গে মোটরবাইকে লেক টাউন দিক থেকে ই এম বাইপাস (Laketown to EM Bypass) ধরে বেলেঘাটার দিকে যাচ্ছিলেন। বাইকের পিছনের আসনে ছিলেন সঞ্জয় দাস।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, উল্টোডাঙা ব্রিজ থেকে নামার পর বেঙ্গল কেমিক্যালের সামনে পৌঁছতেই পিছন দিক থেকে দ্রুতগতির একটি লরি বাইকটিকে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন দু’জনেই। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তাঁরা।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় বাইকে থাকা দু’জনের কারও মাথাতেই হেলমেট ছিল না। রক্তাক্ত অবস্থায় দু’জনকেই দ্রুত বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সঞ্জয় দাসকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর জামাইয়ের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পরেই অভিযুক্ত লরিচালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনও পর্যন্ত চালক বা গাড়ির কোনও খোঁজ মেলেনি। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরিটির নম্বর ও গতিপথ জানার চেষ্টা চলছে।
পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি বা অসাবধানতাই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। তবে লরির চালকের গাফিলতি ছিল কি না, বা বাইকের গতিও কতটা ছিল - সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, ই এম বাইপাসে সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে রাতের দিকে ভারী যানবাহনের দাপট এবং ট্রাফিক নিয়ম মানা না হওয়ায় এই গুরুত্বপূর্ণ সড়ক ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে বলে অভিযোগ শহরবাসীর একাংশের।