
পুরসভায় ইঞ্জিনিয়ারদের প্রতিবাদ
শেষ আপডেট: 26 November 2024 15:47
দ্য ওয়াল ব্যুরো: ২৬ বছর ধরে এক পদে থাকার পরও প্রমোশন হচ্ছে না! এই অভিযোগ তুলে মঙ্গলবার কলকাতা পুরসভায় বিক্ষোভে সরব হলেন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের ইঞ্জিনিয়াররা। মূলত বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন এটি।
এই সংগঠনের মূল অভিযোগ, দিনরাত পরিষেবা দিয়ে যাওয়ার পরও তাঁদের বঞ্চিত করা হচ্ছে। ২৬ বছর ধরে কোনও প্রমোশন দেওয়া হয়নি তাঁদের। এক্ষেত্রে তাঁদের স্পষ্ট দাবি, কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী সব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে প্রমোশন করতে হবে। মঙ্গলবার কলকাতা পুরসভায় বিক্ষোভে সরব হয়েছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি রতন ভট্টাচার্য সহ প্রাক্তন সচিব ও কলকাতা পৌর সংস্থার ইঞ্জিনিয়াররা।
প্রতিবাদ দেখানোর পাশাপাশি সমস্ত বিভাগীয় ডিজিদের ডেপুটেশন জমা দিয়েছে কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন। তাঁদের দাবি, প্রমোশন নিয়ে কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে যে মামলা করা হয়েছে, সেটাও অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়া পুরনো নিয়ম অনুযায়ী ইঞ্জিনিয়ারদের পদোন্নতি করতে হবে পুরসভাকে।
বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠনের বক্তব্য, নাগাড়ে পরিষেবা দিতে গিয়ে তাঁদের রাস্তায় মারও খেতে হচ্ছে। এই নিয়ে তীব্র মানসিক যন্ত্রণা এবং হতাশা তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ারদের। তাই নাগরিক পরিষেবার স্বার্থে অবিলম্বে ইঞ্জিনিয়ারদের পদোন্নতি করা দরকার বলে জানিয়েছেন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুরসভায় এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের মোট সংখ্যা ২৮৮। যার মধ্যে মোট শূন্য পদ ফাঁকা রয়েছে ১৩৯টি। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিকালে মোট পদ রয়েছে ৭৮টি। যার মধ্যে শূন্য পদ ৩১টি। এছাড়া অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে মোট পদ ৭৪ এবং শূন্য পদের সংখ্যা হল ৩৮। অর্থাৎ বর্তমানে প্রায় ৫০ শতাংশ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদ শূন্য রয়েছে, যার ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সভাপতি মানস সিনহা।
কলকাতা পৌর সংস্থার পরিষেবা ঘাটতির জন্য পৌর কর্তৃপক্ষ নিজেদের দোষ ইঞ্জিনিয়ারদের ঘাড়ে চাপাচ্ছে বলেও অভিযোগ তাঁর। শুধু তাই নয়, তিনি এও বলেছেন, পুরসভার ইঞ্জিনিয়ারিং সহ সমস্ত ক্যাডারের ধারাবাহিক পদোন্নতি প্রক্রিয়া চালু থাকলেও গত তিন বছরের বেশি সময় ধরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে প্রমোশন হচ্ছে না। মেয়র ফিরহাদ হাকিমকে 'অপদার্থ' বলে কটাক্ষ করে তাঁকে সরানোর দাবিও তোলা হয়েছে।