বিধানসভা নির্বাচন সামনে, তার মধ্যেই সাত সকালে কলকাতার নানা জায়গায় ইডির তল্লাশি। সাড়ে ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও চলছে জিজ্ঞাসাবাদ।

গ্রাফিক্স - দ্য ওয়াল
শেষ আপডেট: 10 October 2025 11:09
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচন সামনে, তার মধ্যেই সাত সকালে কলকাতার নানা জায়গায় ইডির তল্লাশি। সল্টলেক থেকে নাগেরবাজার, কাঁকুড়গাছি মিলিয়ে ৬ জায়গায় চলছে জিজ্ঞাসাবাদ। পুর নিয়োগ দুর্নীতি নিয়ে তথ্যপ্রমাণ আগেই হাতে এসেছিল, সেই নিয়ে জোরকদমে চলছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। স্ক্যানারে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসুও।
সকাল ৬টা নাগাদ নানা জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সাড়ে ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও চলছে জিজ্ঞাসাবাদ। সল্টলেকের বি সি ব্লকে ৮৮ নম্বর দমকলমন্ত্রী এবং বিধায়ক সুজিত বসুর অফিসে রয়েছেন তাঁরা। এর আগে মন্ত্রীর বাড়িতে তল্লাশি হলেও এই অফিসের কথা জানত না ইডি। তাই আজ এখানে তল্লাশি।
চলছে লেকটাউনে নিতাই দত্তর বাড়িতেও জিজ্ঞাসাবাদ। প্রসঙ্গত, সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন এই নিতাই দত্ত তাঁর আপ্ত সহায়ক ছিলেন।
নাগেরবাজারে এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট দীপক দে এবং কাঁকুড়গাছিতে এক অডিটর সঞ্জয় পোদ্দারের বাড়িতেও গিয়েছেন ইডির আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতিতে যে সব কোম্পানির নাম উঠে এসেছে, তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে এই সব ব্যক্তির নামও। সেই সূত্রেই তাঁরাও এখন ইডির আতশ কাচের তলায়।
দমকলমন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসে যখন ইডি আধিকারিকরা রয়েছেন, নিচে গেটের কাছে মোতায়েন কেন্দ্রীয় বাহিনির জওয়ানরা।
কিন্তু পুজোর পর পরই আবার সক্রিয় হয়ে উঠল কেন কেন্দ্রীয় সংস্থা ইডি, তা নিয়ে উঠছে প্রশ্ন। ইডির জবাব, এর আগে পুর নিয়োগ দুর্নীতি নিয়ে নানা ডিজিটাল তথ্যপ্রমাণ তাঁদের হাতে এসেছে। ফলে, সেই সংক্রান্ত কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, তাই এই তল্লাশি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ জানুয়ারি, মন্ত্রী সুজিত বসুর একাধিক বাড়িতে ১৪ ঘণ্টা ধরে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা। এইবার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও চলছে এখনও টানা তল্লাশি।