ইডির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, 'গত ১০ অক্টোবর পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ১৩ জায়গায় তল্লাশি অভিযান চালায় আধিকারিকরা। বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসেও তল্লাশি চালানো হয়।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 12 October 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED Raid)। গত শুক্রবার রাজ্যের মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) অফিস-সহ ১৩ জায়গায় তল্লাশি চালানো হয়। বেশ কয়েকঘণ্টার এই অভিযানে কী কী উদ্ধার করলেন তদন্তকারীরা, বিবৃতি দিয়ে জানাল ইডি।
ইডির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, 'গত ১০ অক্টোবর পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ১৩ জায়গায় তল্লাশি অভিযান চালায় আধিকারিকরা। বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসেও তল্লাশি চালানো হয়। এই অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে, যেমন- সম্পত্তির নথি, ডিজিটাল ডিভাইস এবং ৪৫ লক্ষ টাকা নগদ যার উৎস এখনও সঠিক জানা নেই।' তবে এই ৪৫ লক্ষ টাকা কার থেকে বা কোথা থেকে পাওয়া গেছে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
ED, Kolkata Zonal Office has conducted a search operation at 13places on 10.10.2025 in and around Kolkata in the Municipality Recruitment Scam of West Bengal. The premises covered during search include the office of Sujit Bose, MLA & Minister of Fire & Emergency Services, West…
— ED (@dir_ed) October 11, 2025
গত শুক্রবার সকাল ৬টা নাগাদ নানা জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকরা। সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। সল্টলেকের বি সি ব্লকে ৮৮ নম্বর দমকলমন্ত্রী এবং বিধায়ক সুজিত বসুর অফিসে রয়েছেন তাঁরা। এর আগে মন্ত্রীর বাড়িতে তল্লাশি হলেও এই অফিসের কথা জানত না ইডি। তাই এবার সেখানেই হানা দেয় ইডি।
নাগেরবাজারে এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট দীপক দে এবং কাঁকুড়গাছিতে এক অডিটর সঞ্জয় পোদ্দারের বাড়িতেও তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতিতে যে সব কোম্পানির নাম উঠে এসেছে, তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে এই ব্যক্তিদের নামও। সেই সূত্রেই তাঁরা ইডির আতশ কাচের তলায় চলে এসেছে বলেই অনুমান।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তল্লাশি চালাচ্ছে ইডি। অয়ন শীল-একাধিক জন এই মামলায় অভিযুক্ত। তাঁদের গ্রেফতারও করা হয়। তদন্তের স্বার্থে শুক্রবার সুজিত বসুর অফিস-সহ ১৩ জায়গায় অভিযান চালানো হয়। এর আগে ২০২৪ সালে সুজিত বসুর বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি চালানো হয়েছিল।
ইডির এই অভিযান নিয়ে দমকলমন্ত্রীর বক্তব্য, "ভোটের আগে আগেই এরকম অভিযান হয়। বেশি হয় যারা দলে অ্যাক্টিভলি কাজ করেন তাঁদের বাড়ি-অফিসে। দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে নিয়ে আগেও তল্লাশি হয়েছে। বাড়িতে এসেছে। কিছু তো পায়নি। আবার আসছে। আমার মনে হয়, এই জায়গাটা বিশেষ করে টার্গেট করছে। কারণ এখানে ওদের লোকজন কিছু নেই। ওরা ওদের মতো কাজ করুক।"